চৌহালীতে বাঁধে ধস ৩০ বাড়ি ও ৩০০ একর জমি নদীতে
যমুনা নদীর ভাঙন থেকে সিরাজগঞ্জের চৌহালী উপজেলাকে রক্ষার জন্য নির্মাণাধীন বাঁধের প্রায় ৫০ মিটার এলাকা দেবে গেছে। উপজেলার বোয়ালকান্দি থেকে দক্ষিণ খাসধলাই পর্যন্ত সাড়ে সাত কিলোমিটার এলাকায় গত এক সপ্তাহের ব্যবধানে ৩০টি বাড়ি ও ৩০০ একর জমি নদীতে বিলীন হয়েছে।অভিযোগ উঠেছে, নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ করায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। নদীতে পানি বাড়ার পাশাপাশি নতুন করে ভাঙন শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) টাঙ্গাইল কার্যালয় সূত্রে জানা গেছে, চৌহালী উপজেলা রক্ষা প্রকল্প নামে ২০১০ সালের অক্টোবরে ৩৬ কোটি টাকা ব্যয়ে এক হাজার ৭০০ মিটার বাঁধ নির্মাণের কাজ শুরু হয়। কাজ শুরু হওয়ার পর নিম্নমানের সামগ্রী ব্যবহার করার অভিযোগ ওঠে। গত ১১ জুন বাঁধের খাসকাউলিয়া বিআরসি-৫ নম্বর সাইটের ৫০ মিটার এলাকা দেবে যায়। বাঁধে ব্যবহূত নিম্নমানের পাথরের তৈরি ব্লক ও জিও টেক্স যমুনায় বিলীন হয়ে যায়।খাসকাউলিয়া গ্রামের ওমর আলী ও জুয়েল রহমান অভিযোগ করেন, নিম্নমানের সিমেন্ট, পাথর ও অতিরিক্ত বালু দিয়ে তড়িঘড়ি করে ব্লক তৈরি করে এ কাজ করা হচ্ছিল। এর প্রতিবাদ করায় ঠিকাদার স্থানীয় শ্রমিকদের বাদ দিয়ে অন্য শ্রমিকদের দিয়ে কাজ করান। এদিকে অব্যাহত বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে যমুনার পানি বাড়ায় নদীর তীরবর্তী এলাকায় ভাঙন শুরু হয়েছে।এ ব্যাপারে ঠিকাদার আবদুল হালিম বাঁধের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কথা অস্বীকার করে বলেন, ভাঙনের কারণে মাঝেমধ্যে বাঁধ দেবে যায়। তবে বালুর বস্তা ফেলে তা নিয়ন্ত্রণ করা হয়েছে।পাউবো, টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী রিয়াজুল ইসলাম বলেন, বাঁধ নির্মাণের কাজটি চলমান। চলমান কাজে কিছু কিছু জায়গা দেবে যেতে পারে। যে জায়গা দেবে গেছে, সেখানে আপাতত বালুর বস্তা ফেলা হয়েছে। আশা করি, এ বছর তেমন কোনো অসুবিধা হবে না। নিম্নমানের কাজের কথা অস্বীকার করে তিনি বলেন, নিয়মমাফিক কাজ করা হচ্ছে। নতুন করে ভাঙন-কবলিত স্থানে বালুর বস্তা ফেলা হচ্ছে।