চৌহালীতে যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ফের ভাঙন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালীতে নির্মাণাধীন যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। জোতপাড়া এলাকা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
সিরাজগঞ্জের চৌহালীতে নির্মাণাধীন যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। জোতপাড়া এলাকা থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় নির্মাণাধীন যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে। গতকাল বৃহস্পতিবার জোতপাড়া এলাকায় বাঁধের প্রায় ৬০ মিটার নদীতে ধসে পড়েছে। ভাঙনরোধে সেখানে বালুভর্তি জিও বস্তা ফেলছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবো ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জে যমুনা নদীর ভাঙনে বিপর্যস্ত চৌহালী উপজেলার পূর্বাঞ্চলের কিছু এলাকা রক্ষার জন্য ১০৯ কোটি টাকা ব্যয়ে সাত কিলোমিটার স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হচ্ছে। পাউবো টাঙ্গাইল কার্যালয়ের তত্ত্বাবধানে ২০১৫ সালের ২৪ নভেম্বর থেকে এ প্রকল্পের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে বাঁধের প্রায় ৯০ শতাংশ কাজ হয়েছে।
গতকাল সকালে চৌহালী উপজেলার যমুনা নদীর বাঁধের জোতপাড়া অংশে হঠাৎ করে ভাঙন দেখা দেয়। বেলা ১১টা পর্যন্ত বাঁধের প্রায় ২০ মিটার নদীতে ধসে পড়ে। খবর পেয়ে পাউবো দুপুর ১২টার দিকে সেখানে বালুভর্তি জিও ব্যাগ ফেলা শুরু করে। এর মধ্যেই বিকেল পাঁচটা পর্যন্ত বাঁধের প্রায় ৬০ মিটার ধসে পড়ে।
এর আগে গত ২ ও ১৬ মে বাঁধের খগেনের ঘাট এবং আলিয়া মাদ্রাসা অংশে প্রায় ১২০ মিটার নদীতে বিলীন হয়।
জোতপাড়া গ্রামের মরিচ উদ্দীন বলেন, যেভাবে বাঁধে ধস নামা শুরু হয়েছে, তাতে মনে হচ্ছে সাত কিলোমিটার বাঁধ আগামী দুই বছরের মধ্যেই নদীতে বিলীন হয়ে যাবে। পুরো চৌহালীর অস্তিত্ব মানচিত্র থেকে মুছে যাবে।
পাউবোর টাঙ্গাইল কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, নদীতে গত দুই দিন ধরে অস্বাভাবিকভাবে পানি বেড়েছে। ফলে স্রোতের তোড়ে বাঁধের তলদেশে গর্তের সৃষ্টি হয়েছে। এতে এই ধস নেমেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কিছুদিনের মধ্যেই এর সংস্কারকাজ শুরু হবে। এতে মূল বাঁধ নির্মাণে কোনো প্রভাব পড়বে না।