চৌহালীতে শহর রক্ষা বাঁধের ২০ মিটার আবারও বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ আবারও ধসে গেছে। গতকাল বুধবার ভোররাতে ওই বাঁধের খাসকাউলিয়া এলাকায় প্রায় ২০ মিটার ধসে যায়। এ নিয়ে এ বছর সাতবার বাঁধ ধসের ঘটনা ঘটল।

এদিকে বারবার বাঁধ ধসে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ছে। এলাকার কয়েকজন বাসিন্দা অভিযোগ করে বলেন, কাজের নানা অনিয়ম, দুর্নীতি ও নিম্নমানের কারণে এ ধসের ঘটনা ঘটছে।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল নদীর তীর সংরক্ষণ বাঁধের খাসকাউলিয়া এলাকায় সিসি ব্লক দেবে যেতে থাকে। ১০ মিনিটের মধ্যে ওই ২০ মিটার এলাকা ধসে যায়। এই ধসের পরিধি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। চৌহালী উপজেলা সদরকে রক্ষার জন্য ২০১৫ সালে ১০ কোটি টাকা ব্যয়ে ৭ কিলোমিটার স্থায়ী তীর সংরক্ষণ বাঁধের নির্মাণকাজ শুরু হয়। বর্তমানে বাঁধের কাজের প্রায় ৯০ ভাগ শেষ হয়েছে। বাকি কাজ শেষ হওয়ার আগেই একের পর এক ধসে যাচ্ছে। এ নিয়ে সাত দফায় ধস নামার ঘটনা ঘটল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদেকুর রহমান বলেন, ‘বাঁধে বারবার ধস আমাদের অবাক করছে। ধসের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’

এ বিষয়ে টাঙ্গাইল পাউবোর নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, ‘বারবার ধসে আমরাও বিব্রত। কাজের মান নিয়ে কোনো প্রশ্ন থাকার কথা নয়। সঠিকভাবেই কাজ হয়েছে। বাঁধ ধসের বিষয়টি প্রধান প্রকৌশলী ও পাউবো মহাপরিচালককে জানানো হয়েছে। আশা করছি তাঁরা দ্রুত বাঁধ পরিদর্শন করে কার্যকর পদক্ষেপ নেবেন।’

প্রসঙ্গত, এ বছরের এপ্রিলের শেষ দিকে একবার এবং ২ ও ১৬ মে, ৮ জুন, ২৩ জুন, ৩ জুলাই একইভাবে ওই বাঁধের বিভিন্ন অংশ ধসে যায়।