চৌহালীতে সংরক্ষণ বাঁধের ৮০ মিটার বিলীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া এলাকার চোদ্দরশি এলাকায় যমুনা নদীর স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ এভাবেই ধসে গেছে। ছবিটি শনিবার সকালে তোলা। ছবি: প্রথম আলো
সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাসকাউলিয়া এলাকার চোদ্দরশি এলাকায় যমুনা নদীর স্থায়ী তীর সংরক্ষণ বাঁধ এভাবেই ধসে গেছে। ছবিটি শনিবার সকালে তোলা। ছবি: প্রথম আলো

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীর স্থায়ী তীর সংরক্ষণ বাঁধের খাসকাউলিয়া চোদ্দরশি এলাকায় ৮০ মিটার অংশ আজ শনিবার ভোরে যমুনায় বিলীন হয়েছে। এ ঘটনার পর থেকে নদীতীরবর্তী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

চৌহালীর ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনিসুর রহমান বলেন, উপজেলা সদরের পৌনে চার কিলোমিটার ও টাঙ্গাইলের সোয়া তিন কিলোমিটার মিলে সাত কিলোমিটার এলাকা রক্ষায় এশিয়া উন্নয়ন ব্যাংকের অর্থায়নে ১০৯ কোটি টাকার বরাদ্দে বাঁধ নির্মাণকাজ শুরু করা হয়। ২০১৫ সালের ২৪ নভেম্বর এই কাজ শুরু হয়। চলতি বছরেই কাজ শেষ করার কথা ছিল। ইতিমধ্যে বাঁধের ৯৫ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। হঠাৎ শনিবার ভোরে ওই এলাকায় বাঁধের সিসি ব্লক ধসে যেতে শুরু করে। এক ঘণ্টার ব্যবধানে ৮০ মিটার ধসে যায়। এ নিয়ে বাঁধের বিভিন্ন এলাকায় ১৭ বার ধসের ঘটনা ঘটল।

টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, ‘পানি কমতে শুরু করায় বাঁধের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ওই অংশ ধসে গেছে। বারবার ধসের ঘটনায় আমরাও বিব্রত। বিষয়টি প্রধান প্রকৌশলী ও পাউবোর মহাপরিচালককে অবহিত করা হয়েছে। আশা করছি তাঁরা দ্রুত বাঁধ পরিদর্শন করে কার্যকরী পদক্ষেপ নেবেন।’