চৌহালীর চরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌরবিদ্যুতের সংযোগ দেওয়াকে কেন্দ্র করে গত মঙ্গলবার সিরাজগঞ্জের চৌহালী উপজেলার হাট ঘোরজান গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে আকবার আলী (৪০) নামের এক ব্যক্তি নিহত ও অন্য তিনজন আহত হয়েছেন। আকবার আলী একই গ্রামের বাসিন্দা ছিলেন।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত আকবার আলীর স্ত্রী নূরজাহান খাতুন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেছেন। ইতিমধ্যে একই গ্রামের মোকাদ্দেস আলীর ছেলে স্বপন মিয়া (২২) ও আবদুস সালাম ব্যাপারীর ছেলে বাদশা মিয়াকে (২৪) গ্রেপ্তার করা হয়েছে।
মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার উপজেলার চরাঞ্চলের ঘোরজান ইউনিয়নের হাট ঘোরজান গ্রামের জাহাঙ্গীর আলম তাঁর বাড়ির সৌরবিদ্যুতের সিস্টেম থেকে একটি সংযোগ পাশের এরশাদ আলীর বাড়িতে দেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে এরশাদের সঙ্গে জাহাঙ্গীরের হাতাহাতি হয়। এর জের ধরে মঙ্গলবার সকালে দুই পক্ষের সংঘর্ষে এরশাদের সমর্থক চারজন আহত হন। তাদের স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আকবর আলী মারা যান।