চৌহালীর শহর রক্ষা বাঁধে অসময়ে ধস
সিরাজগঞ্জের যমুনা নদীর চৌহালী উপজেলা শহর রক্ষা স্থায়ী বাঁধের প্রায় ৫০ মিটার এলাকা অসময়ে ধসে গেছে। কাজ চলমান অবস্থায় গত বৃহস্পতিবার বিকেলে বাঁধে ধস নামে। অসময়ে এ ধরনের ধসে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, নদীর তলদেশে বালুভর্তি জিও ব্যাগ নিক্ষেপের কাজে অনিয়ম ও দুর্নীতির কারণে এই ধস নেমেছে। টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের তত্ত্বাবধানে প্রায় ১০৭ কোটি টাকা ব্যয়ে এই কাজ বাস্তবায়ন করা হচ্ছে।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৫ সালে টাঙ্গাইল পাউবোর তত্ত্বাবধানে চৌহালীর সবচেয়ে বেশি ভাঙনপ্রবণ এলাকা যমুনা নদীর পূর্ব প্রান্তে খাসকাউলিয়া থেকে আটাপাড়া পর্যন্ত পাঁচ কিলোমিটার দীর্ঘ স্থায়ী বাঁধ নির্মাণের কাজ শুরু করা হয়। প্রথম দিকে যমুনা নদীর তলদেশে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং, নদীর পূর্ব পাড়ে ঢালু (স্লোপ) করে পানির স্তর থেকে পাড় পর্যন্ত বালুভর্তি জিও ব্যাগ বিছিয়ে ভাঙনরোধের প্রথম পর্যায়ের কাজ শেষ করা হয়। বর্তমানে দ্বিতীয় পর্যায়ে নদীপাড়ের ঢালুতে সিসি ব্লক বিছিয়ে স্থায়ী ভাঙনরোধে বাঁধ নির্মাণের কাজ করা হচ্ছে।
গত বৃহস্পতিবার বিকেলে বাঁধে ব্লক বসানোর কাজ চলার সময় হাঠাৎ করে টাঙ্গাইলের নাগরপুর উপজেলাধীন খাষ শাহজানী (খগেন ঘাট) এলাকার ৫০ মিটার এলাকা আকস্মিকভাবে নদীতে ধসে যায়। মুহূর্তের মধ্যে সিসি ব্লক ও বালুর বস্তাসহ বাঁধের ৫০ মিটার এলাকা নদীতে বিলীন হয়। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এলাকাবাসীর মধ্যে জুয়েল সরকার, হাসান আলী অভিযোগ করেন, গত বছর শহর রক্ষা কাজের গুরুত্বপূর্ণ অংশ নদীর তলদেশে সঠিকভাবে বালুভর্তি জিও ব্যাগ ডাম্পিং না করা কাজে ব্যাপক অনিয়মের কারণে এ ধস নেমেছে। তাঁরা আরও বলেন, বাঁধের শিডিউল অনুযায়ী উন্নত প্রযুক্তি প্রয়োগ না করে যেনতেনভাবে প্রথম পর্যায়ের কাজ শেষ করায় অসময়ে এ ধসের ঘটনা ঘটল।
পাউবোর একটি সূত্র বলেছে, বর্তমানে শুষ্ক মৌসুম হলেও খগেন ঘাট এলাকায় পানির গভীরতা ১৮ থেকে ১৯ মিটার। যমুনা নদীর নতুন একটি ধারা ওই পয়েন্টে সরাসরি আঘাত করায় ধসের ঘটনা ঘটেছে।
টাঙ্গাইল পাউবোর নির্বাহী প্রকৌশলী শাহজাহান সিরাজ বলেন, ধসে যাওয়া স্থানে মেরামতের কাজ চলছে। বাঁধের পশ্চিমে নতুন চর জেগে ওঠায় পানি পূর্ব প্রান্ত দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির প্রচণ্ড চাপ এবং ওখানকার মাটি নরম (লোলা) হওয়ায় সে৶াতের টানে নিচ থেকে মাটি সরে যাওয়ায় ধস নেমেছে। তবে এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। পুনরায় বালুর বস্তা নিক্ষেপ করে ধস নিয়ন্ত্রণে আনা হবে।