ময়মনসিংহের নুরুল হক, সাতক্ষীরার সিরাজুল ইসলাম ও নরসিংদীর সেলিনা জাহান ২০১১, ২০১২ ও ২০১৩ সালের চ্যানেল আই কৃষিপদক পাচ্ছেন। আর কৃষিবিজ্ঞানী মতলুবর রহমানকে দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা।
কৃষিভিত্তিক গণমাধ্যম কার্যক্রম হূদয়ে মাটি ও মানুষের ১০ বছর পূর্তিতে গতকাল বুধবার চ্যানেল আইয়ের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এ ঘোষণা দেন।
ফরিদুর রেজা সাগর বলেন, বাংলাদেশে মাছচাষে বিপ্লবের নায়ক, দেশি মাছের জাত গবেষণায় সাফল্য অর্জনকারী হ্যাচারি উদ্যোক্তা ময়মনসিংহের শম্ভুগঞ্জের চরপুলিয়ামারীর মৎস্যচাষি নুরুল হককে ২০১১ সালের জন্য, শতাধিক স্থানীয় জাতের ধানবীজ সংগ্রহ ও জাত উন্নয়ন গবেষণায় কৃষক পর্যায়ে দৃষ্টান্ত স্থাপনকারী, কৃষকদের সংগঠিত করার সফল নায়ক সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হায়বাদপুর গ্রামের কৃষক সিরাজুল ইসলামকে ২০১২ সালের জন্য এবং দেশে জৈবপদ্ধতির চাষব্যবস্থা সম্প্রসারণ ও গ্রামীণ নারীদের কৃষিকাজের মাধ্যমে স্বনির্ভর করে তোলার এক নিরলস কর্মী নরসিংদীর শিবপুর উপজেলার শৈকারচর গ্রামের কৃষক সেলিনা জাহানকে ২০১৪ সালের জন্য কৃষিপদক দেওয়া হচ্ছে। এ ছাড়া কৃষি গবেষণা ও উন্নয়নের স্বীকৃতি হিসেবে কৃষিবিজ্ঞানী মতলুবর রহমানকে আজীবন সম্মাননা দেওয়া হচ্ছে। আগামী ১৫ মার্চ অনাড়ম্বর এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পদক ও সম্মাননা দেওয়া হবে।
চ্যানেল আইয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সমকাল সম্পাদক গোলাম সারওয়ার এবং হূদয়ে মাটি ও মানুষের পরিকল্পক, উপস্থাপক ও পরিচালক শাইখ সিরাজ বক্তব্য দেন।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ হূদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের ১১ বছরে পদার্পণ উপলক্ষে বিভিন্ন নতুন পদক্ষেপের কথা ঘোষণা করেন।