চ্যানেল আই কৃষি পদক দেওয়া হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যানেল আইয়ের কার্যালয়ে গতকাল চ্যানেল আই কৃষি পদক প্রদান অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা । ছবি: প্রথম আলো
চ্যানেল আইয়ের কার্যালয়ে গতকাল চ্যানেল আই কৃষি পদক প্রদান অনুষ্ঠানে পদকপ্রাপ্তদের সঙ্গে অতিথিরা । ছবি: প্রথম আলো

‘স্বাধীনতার সময় দেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি, এখন ১৬ কোটি। তখন মানুষ না খেয়ে থাকত। এখন দেশের কেউ না খেয়ে নেই। ১৯৭১-এ আমাদের এক টাকাও রপ্তানি ছিল না। এখন আমরা বছরে তিন হাজার ৩০০ কোটি ডলার রপ্তানি করি। এ অর্জনের পেছনে সবচেয়ে বড় অবদান কৃষকের।’
গতকাল শুক্রবার চ্যানেল আই কৃষি পদক প্রদান অনুষ্ঠানে কথাগুলো বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি চ্যানেল আইয়ের কৃষিবিষয়ক অনুষ্ঠান ‘হূদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠান এবং এর উপস্থাপক টিভি ব্যক্তিত্ব শাইখ সিরাজকে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ দিয়ে বলেন, ‘আমি কৃষকের সন্তান হয়েও কৃষির অনেক কিছু জানতাম না। কিন্তু হূদয়ে মাটি ও মানুষ-এ কৃষকের কথা শুনে আমি অনেক নতুন কিছু জানতে পেরেছি।’
চ্যানেল আইয়ের কার্যালয়ে অনুষ্ঠিত এই পদক প্রদান অনুষ্ঠানে কৃষিবিজ্ঞানী মতলুবর রহমানকে আজীবন সম্মাননা পদক তুলে দেওয়া হয়। তিনি উচ্চ ফলনশীল ধান ইরাটম-২৪ ও ইরাটম-৩৮ সহ অনেক উন্নত ফসলের জাত উদ্ভাবন করে দেশের কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এ ছাড়া জৈব কৃষির প্রসারে ভূমিকা রাখায় সেলিনা জাহান (২০১৩ সাল), উপকূলীয় কৃষি প্রতিবেশের উন্নয়ন এবং দেশীয় ধানের জাত সংরক্ষণ ও প্রচারে ভূমিকা রাখায় সিরাজুল ইসলাম (২০১২) এবং দেশি মাছের জাত গবেষণা ও সম্প্রসারণে অগ্রণী ভূমিকা পালন করায় হ্যাচারি উদ্যোক্তা এ কে এম নুরুল হককে (২০১১) চ্যানেল আই কৃষি পদক দেওয়া হয়।
অনুষ্ঠানের বিশেষ অতিথি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, গণমাধ্যম দেশের কৃষির খবর এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছে দেয়। আগামী পাঁচ বছরে সরকারের লক্ষ্য দেশের সবাইকে পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়া।
চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ বলেন, ‘দেশের অর্থনীতির তিন ভিত্তি কৃষি, প্রবাসী-আয় এবং তৈরি পোশাক খাতের পেছনে রয়েছে কৃষকের অবদান। এই কৃষক চৈত্রের খরতাপ সহ্য করে যে ফসল ফলাবেন, তার খরচ দিন দিন বাড়ছে। কিন্তু কৃষক তাঁর ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না। কৃষকের এই ন্যায্যমূল্য পাওয়া নিশ্চিত করার জন্য আমাদের কাজ করতে হবে।’
চ্যানেল আইয়ের পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, ‘আমাদের পক্ষে কৃষক হওয়া সম্ভব নয়। কিন্তু আমরা চাইলে কৃষকের বন্ধু হতে পারি। সবাই যেদিন কৃষকের বন্ধু হবে, সেই দিনই এই দেশটি আরও সামনের দিকে এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে হূদয়ে মাটি ও মানুষ অনুষ্ঠানের বিশেষ প্রকাশনা জনভাষ্য-৬-এর মোড়ক উন্মোচন করা হয়। সারা দেশ থেকে আহ্বান করা কৃষিবিষয়ক সেরা লেখাগুলো এই প্রকাশনায় স্থান পেয়েছে। সেরা তিন লেখক জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম ও মো. মহিবুল্লাহর হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।