চ্যানেল আই কৃষি পদক পেলেন ঘাটাইলের আবদুল আজিজ
এ বছরের চ্যানেল আই কৃষি পদক পেয়েছেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শালিয়াবহ গ্রামের প্রকৃতিবিজ্ঞানী খ্যাত আদর্শ কৃষক আবদুল আজিজ। এ ছাড়া কৃষি গবেষণা, সম্প্রসারণসহ দেশের খাদ্যনিরাপত্তায় অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ এই প্রথমবারের মতো চ্যানেল আইয়ের দেওয়া আজীবন সম্মাননা পেয়েছেন ইমেরিটাস বিজ্ঞানী কাজী এম বদরুদ্দোজা। গত শুক্রবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে তাঁদের হাতে পদক ও সম্মাননা তুলে দেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। অনুষ্ঠানে চ্যানেল আইয়ের কৃষিবিষয়ক গণমাধ্যম কার্যক্রম হূদয়ে মাটি ও মানুষ-এর সপ্তম বর্ষে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠিত প্রতিযোগিতায় নির্বাচিত প্রবন্ধের সংকলনের মোড়ক উন্মোচন এবং বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।সম্মাননা হিসেবে আবদুল আজিজকে দেওয়া হয়েছে এক লাখ টাকা। এই পুরস্কারের সঙ্গে ইমপ্রেস গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড দিয়েছে আরও ৫০ হাজার টাকা। কাজী এম বদরুদ্দোজাকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক, শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের কৃষি উপদেষ্টা সি এস করিম, এফএওর বাংলাদেশ প্রতিনিধি স্পাইকার্স, নাট্যব্যক্তিত্ব আতিকুল হক চৌধুরী, ব্র্যাকের নির্বাহী পরিচালক মাহবুব হোসেনসহ দেশের বিভিন্ন অঙ্গনের গণ্যমান্য ব্যক্তিরা। কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী দেশের কৃষককে মূল্যায়নের ক্ষেত্রে এ উদ্যোগ প্রশংসনীয় উল্লেখ করে বলেন, কৃষকের কাছে নতুন নতুন প্রযুক্তি পৌঁছানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।