চ্যানেল আই সেরাকণ্ঠ তানজীম শরিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের তানজীম শরিফ চ্যানেল আই সেরাকণ্ঠ ’১০-এর চ্যানেল আই সেরাকণ্ঠ বিজয়ী হয়েছে। তানজীম নটর ডেম কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। প্রথম রানার আপ হয়েছে তাহসিন সাবা এবং দ্বিতীয় রানার আপ যৌথভাবে খেয়ালী কর্মকার ও মেহেদী হাসান। এ বছর চ্যানেল আই সেরাকণ্ঠের জন্য ছিল পাঁচ লাখ টাকাসহ নানা পুরস্কার। প্রথম রানার আপের পুরস্কার তিন লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপের ছিল দুই লাখ টাকার পুরস্কার। গতকাল ঢাকার শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে জমকালো আয়োজনে প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানের শুরুতে বিগত দুই বছরের সেরাকণ্ঠের শিল্পীরা ‘গানে আওয়াজ তোলো প্রাণে’ গানটি গেয়ে শোনায়। এরপর আসে চ্যানেল আই সেরাকণ্ঠ ’১০-এর সেরা সাত প্রতিযোগী—মির্জা মো. তানজীম শরিফ, জিনিয়া জাফরিন, শরীফুল ইসলাম, সৈয়দ আবদুল্লাহ আল মাসুম, তাহসিন সাবা, মেহেদী হাসান ও খেয়ালী কর্মকার। স্বাগত বক্তব্য দেন চ্যানেল আইর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এরপর মঞ্চে আসেন চ্যানেল আই সেরাকণ্ঠ ’১০-এর প্রধান বিচারক রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও ইমন সাহা। প্রতিযোগীরা ছাড়াও অনুষ্ঠানে রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, রেজওয়ানা চৌধুরী বন্যা, ফেরদৌস আরা এবং প্রথম ও দ্বিতীয় মেরিডিয়ান-চ্যানেল আই ক্ষুদে গানরাজেরা গান গেয়ে শোনায়। অনুষ্ঠান উপস্থাপনা করেন ঈশিতা ও ঊর্মিলা।