চ্যানেল আইয়ের প্রাক্-বাজেট আলোচনা অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইয়ের ‘হূদয়ে মাটি ও মানুষ’ আয়োজিত প্রাক্-বাজেট নিয়ে তৃতীয় আলোচনা কক্সবাজারের চকরিয়ায় অনুষ্ঠিত হয়েছে। চকরিয়ার ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জামিলা বেগম উচ্চবিদ্যালয়ে গত মঙ্গলবার রাতে ‘কৃষি বাজেট কৃষকের বাজেট’ শীর্ষক ওই আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নিয়ে কৃষকেরা লবণ চাষকে সরাসরি কৃষি খাতে নেওয়া, চিংড়ি চাষে সরাসরি প্রান্তিক কৃষকদের ভূমি ইজারা দেওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজের পরিচালনায় প্রায় আড়াই ঘণ্টাব্যাপী ওই প্রাক্-বাজেট আলোচনায় প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি লবণচাষিদের ন্যায্যমূল্য পাওয়ার দাবি পূরণের অংশ হিসেবে চলতি বছর এক লাখ মেট্রিক টন লবণ সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে কেনা এবং লবণ বোর্ড গঠনের প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে কৃষকেরা চকরিয়াসহ গোটা পার্বত্য চট্টগ্রামে তামাক চাষের আগ্রাসনের কথা তুলে ধরেন। তাঁরা বলেন, কোম্পানির প্রলোভন এবং ফসলি কৃষিতে সহায়তা না পেয়ে কৃষকেরা তামাক চাষে বাধ্য হচ্ছেন। সরকারি সহায়তা পেলে তামাক চাষ থেকে সরে আসার অঙ্গীকার করেন তাঁরা। বোরো মৌসুমের উপকরণ প্রসঙ্গে কৃষকেরা অভিযোগ করেন, ডিলারদের কাছ থেকে ন্যায্যমূল্যে সার পাওয়া যাচ্ছে না। অন্যদিকে অব্যাহত লোডশেডিংয়ের কারণে জমিতে সময়মতো সেচ দেওয়া যাচ্ছে না। শহরের বিদ্যুৎ কমিয়ে গ্রামে সেচকাজে বিদ্যুৎ সরবরাহের সরকারি উদ্যোগ বেশির ভাগ ক্ষেত্রেই বাস্তবায়িত হচ্ছে না। পোলট্রি খামারিরা বিভিন্ন উপকরণের চড়া মূল্যের কথা তুলে ধরে বলেন, ব্যয় পুষিয়ে উঠতে না পারায় খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন খামারিরা। কোনো ধরনের নিয়ন্ত্রণ না থাকায় হ্যাচারি মালিকেরা স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন। এক দিনের বাচ্চা ও অন্যান্য উপকরণের দাম যে হারে বাড়ছে, সে তুলনায় ডিম ও মাংসের দাম খুব কম। অথচ সরকার এসব বিষয়ে নীরব। এই অবস্থা চলতে থাকলে সম্ভাবনাময় এ খাত অচল হয়ে যাবে।চট্টগ্রামের পটিয়া উপজেলার শিকলবাহা গ্রামের দুগ্ধ খামারিরা বলেন, একটি পাস্তুরাইজেশন প্ল্যান্ট স্থাপন করা তাঁদের প্রাণের দাবি। সরকার এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করলেও একটি মহলের চক্রান্তে তা বাতিল হতে চলেছে। তাঁরা অচিরেই ওই প্রকল্প বাস্তবায়নের দাবি জানান। এ ছাড়া কৃষকেরা মাতামুহুরী নদী রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং অচিরেই নদীর সঙ্গে সংযুক্ত বুড়াখাল ইজারার আওতায় না রেখে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার দাবি জানান।অনুষ্ঠানে কক্সবাজারের জেলা প্রশাসক জয়নুল বারী, পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর, চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন, ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্সের নির্বাহী পরিচালক মো. মোসলেহউদ্দিন সাদেক, পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের চেয়ারম্যান শাহাবুদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।