চ্যানেল ওয়ান খুলে দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪০০ কর্মীর জীবিকার কথা বিবেচনা করে বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান পুনরায় চালু করার অনুমতি দিতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন প্রতিষ্ঠানের কর্মীরা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবিতে তাঁরা মানববন্ধন করেন। ওই কর্মসূচিতে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন তাঁদের এ দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে। মানববন্ধনে অংশ নেওয়া চ্যানেল ওয়ানের সাংবাদিক ও কলাকুশলীরা কালো ব্যাজ ধারণ করেন।মানববন্ধনে অংশ নেওয়া চ্যানেল ওয়ানের কর্মীরা বলেন, চাকরি নিয়ে অনিশ্চয়তার অবসান চান তাঁরা। কোনো আগাম নোটিশ না দিয়ে এভাবে প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ায় তাঁদের সংসার কীভাবে চলবে—এ ব্যাপারে সরকারের কাছে প্রশ্ন রাখেন তাঁরা। তাঁরা বলেন, আকস্মিক এ ঘটনায় তাঁরা আতঙ্কিত ও উদ্বিগ্ন। চ্যানেল ওয়ানের কর্মীদের মধ্যে বক্তব্য দেন প্রধান প্রতিবেদক আকমল হোসাইন, বিশেষ প্রতিনিধি কেরামতউল্লাহ বিপ্লব, জ্যেষ্ঠ প্রতিবেদক ইলিয়াস হোসেন।কর্মীদের দাবির প্রতি সংহতি প্রকাশ করে ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতারা বলেন, চ্যানেল ওয়ানের সঙ্গে অনেক মানুষের ভাগ্য জড়িত। মালিকপক্ষের সমস্যা তাঁদের জীবিকার সঙ্গে মিলিয়ে দেখা উচিত নয়। বক্তব্য দেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব এম এ আজিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস শহিদ, সাধারণ সম্পাদক বাকের হোসাইন, জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ সৈয়দ আবদাল আহমদ, সাংবাদিক নেতা আমিরুল ইসলাম কাগজী প্রমুখ।বেসরকারি টেলিভিশন ও রেডিওর প্রতিবেদকদের সংগঠন বাংলাদেশ ব্রডকাস্ট রিপোর্টার্স অব বাংলাদেশ (বিআরবি) জটিলতার অবসান ঘটিয়ে চ্যানেল ওয়ানের সম্প্রচার পুনরায় শুরু করার অনুমতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।তরঙ্গের শর্ত ভঙ্গের অভিযোগে ২৭ এপ্রিল সন্ধ্যা ছয়টা ১০ মিনিটে বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ করে দেয়।