চ্যানেল ওয়ান চালু করে গণতান্ত্রিক মনোভাবের পরিচয় দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক নেতারা যেন সাংবাদিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে সে জন্য একটি সুষ্ঠু সম্প্রচার নীতিমালা প্রণয়ন করার দাবি জানানো হয়েছে।চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধের প্রতিবাদে গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিষ্ঠানটির কর্মীদের এক অবস্থান কর্মসূচিতে যোগ দেওয়া বিশিষ্টজনেরা এ দাবি জানান। অবস্থান কর্মসূচিতে চ্যানেল ওয়ানের কয়েকশ সংবাদকর্মী যোগ দেন।কর্মীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আইনজীবী ব্যারিস্টার রফিকুল হক বলেন, সাড়ে চার শ সাংবাদিকের জীবিকা হুমকির মধ্যে ফেলে না দিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে এর সমাধান করা উচিত। অধ্যাপক মোজাফফর আহমেদ বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানের পুঁজির উৎস স্বচ্ছ না হওয়ায় সরকার এর সুযোগ নিয়ে সম্প্রচার বন্ধ করে দেয়। অস্বচ্ছ পুঁজির অজুহাত দিয়ে চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধ না করে আদালতের মাধ্যমে একটি স্বচ্ছ সিদ্ধান্ত নেওয়া উচিত।সম্প্রচার মিডিয়া ব্যক্তিত্ব মনজুরুল আহসান বুলবুল বলেন, প্রতিটি গণমাধ্যম-প্রতিষ্ঠানের সম্প্রচার বন্ধের পেছনে মালিক পক্ষের কারসাজি থাকে। তাই মালিক পক্ষকে স্বচ্ছ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। স্বৈরাচারী কায়দায় সম্প্রচার বন্ধ করে সাড়ে চার শ সংবাদকর্মীর পেটে লাথি না মেরে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে অভিমত দেন সৈয়দ আবুল মকসুদ।কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন চাষী নজরুল ইসলাম, বদিউল আলম মজুমদার, নাজমুল আশরাফ প্রমূখ।