চ্যানেল ওয়ানের রিট খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ানের সম্প্রচার বন্ধের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটটি সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।গতকাল রোববার তৃতীয় দিনের মতো শুনানির পর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এ আদেশ দেন। ফলে চ্যানেলটির সম্প্রচার বন্ধ থাকছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন। তাঁকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল একরামুল হক ও খোন্দকার দিলিরুজ্জামান। ওয়ানের পক্ষে শুনানি করেন আইনজীবী রফিক-উল হক ও আহসানুল করিম। আদেশ প্রসঙ্গে আহসানুল করিম প্রথম আলোকে বলেন, অনাপত্তিপত্রে চ্যানেলটির যন্ত্রপাতি হস্তান্তর না করার যে শর্ত ছিল, তা এখনো কার্যকর রয়েছে। কারণ লাইসেন্সের সঙ্গে অনাপত্তিপত্র একীভূত হয়ে গেছে। তাই যন্ত্রপাতি হস্তান্তর ও নিলামে বিক্রি লাইসেন্সের শর্তের পরিপন্থী। এসব যুক্তি দিয়ে আদালত রিটটি খারিজ করে দিয়েছেন। আপিল করার প্রশ্নে তিনি বলেন, এখনো নির্দেশনা পাইনি। তবে নির্দেশনা পাওয়ার পর আপিল করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।উল্লেখ্য, ২৭ এপ্রিল সন্ধ্যায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চ্যানেলটির তরঙ্গ, আর্থ স্টেশন ও সম্প্রচারের যন্ত্রপাতি ব্যবহারের অনুমতি বাতিল করে। এর বৈধতা চ্যালেঞ্জ করে ২ মে চানেল ওয়ান পরিচালনাকারী প্রতিষ্ঠান ওয়ান এন্টারটেইনমেন্ট লিমিটেডের পরিচালক মাজিদুল ইসলাম হাইকোর্টে রিট দায়ের করেন।