চ্যানেল টোয়েন্টিফোরের পথ চলা শুরু
আনন্দঘন আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোর। গতকাল বৃহস্পতিবার বিশিষ্টজনের সামনে বোতাম টিপে চ্যানেলটির উদ্বোধন করেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। সন্ধ্যা সাতটা ৫৫ মিনিটে চ্যানেলটির তেজগাঁওয়ের কার্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধনের আগে মতিয়া চৌধুরী বলেন, চ্যানেল টোয়েন্টিফোর যেন অন্ধকারে আচ্ছন্ন না হয়। বরং নতুন এই চ্যানেলটির কাছ থেকে আলো প্রত্যাশা করেন তিনি। উদ্বোধনের আগে চ্যানেল টোয়েন্টিফোরের ব্যবস্থাপনা পরিচালক এবং এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, একটি চ্যানেল চালু করা যত কঠিন দর্শকদের মধ্যে এটিকে বিশ্বাসযোগ্য করে তোলা তার চেয়েও কঠিন। তবে চ্যানেল টোয়েন্টিফোর অতিসত্বর দর্শকদের আস্থা অর্জন করতে পারবে বলে বিশ্বাস করেন তিনি।এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক সায়মন ড্রিং, তেজগাঁও আসনের সাংসদ আসাদুজ্জামান খান কামাল এবং টেলিভিশনটির পরিচালক শেখ কবীর হোসেন।বর্ণাঢ্য এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ।