চ্যানেল২৪ নিয়ে শুনানি ৬ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি টেলিভিশন চ্যানেল২৪-এর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের বিষয়ে শুনানি হবে আগামী ৬ নভেম্বর। 

আজ বৃহস্পতিবার বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আদেশ দেন। চ্যানেলটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা নিয়ে ‘আপত্তিকর’ বক্তব্য সংবলিত অনুষ্ঠান প্রচারিত হওয়ায় এ অভিযোগ আনা হয়।

আদালত অবমাননার শুনানিতে রাষ্ট্রপক্ষ জানায়, ১৮ সেপ্টেম্বর রাত ১১টায় চ্যানেল২৪-এর ‘মুক্তবাক’ নামের একটি  টক শোর দুই আলোচক সাকা চৌধুরীর বিরুদ্ধে মামলা নিয়ে যেসব কথা বলেছেন, তা ট্রাইব্যুনালের জন্য অবমাননাকর।

পরে গত ২৬ সেপ্টেম্বর দেওয়া আদেশ অনুসারে ট্রাইব্যুনাল আটজনকে আদালত অবমাননার নোটিশে দিয়ে জবাব দিতে বলেন। তাঁরা হলেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, নির্বাহী পরিচালক, অনুষ্ঠান প্রধান, ‘মুক্তবাক’ নামক টক শোর প্রযোজক, ওই টক শোটির সঞ্চালক মাহমুদুর রহমান মান্না এবং ১৮ সেপ্টেম্বর প্রচারিত ওই টক শোর দুই আলোচক গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী ও সাংবাদিক মাহফুজউল্লাহ। তবে জাফরুল্লাহ চৌধুরী ও মাহফুজউল্লাহকে ট্রাইব্যুনালে সশরীরে হাজির হয়ে তাঁদের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়। আজ জাফরুল্লাহ চৌধুরী সশরীরে এবং মাহফুজউল্লাহ ও চ্যানেল২৪-এর আইনজীবী ট্রাইব্যুনালে হাজির হয়ে সময়ের আবেদন জানালে ৬ নভেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।