চ্যানেল-১৬-এর এমডির প্রতিবাদ প্রতিবেদকের বক্তব্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘অবৈধভাবে চলছে চ্যানেল সিক্সটিন’ শিরোনামে গত ২৯ মে প্রথম আলোতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খন্দকার গোলাম মুহিত। প্রতিবাদলিপিতে দাবি করা হয়, সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।
প্রতিবাদলিপিতে দাবি করা হয়, চ্যানেল সিক্সটিন আইনগত বৈধভাবে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কার্যক্রম পরিচালনা করছে। পরীক্ষামূলক সম্প্রচারের মেয়াদ শেষ হওয়ার আগে ১৮ জুন ২০১৩ ‘চ্যানেল সিক্সটিন’ সংবাদসহ অনুষ্ঠান সম্প্রচারের মেয়াদ তিন বছর বৃদ্ধি করার জন্য আবেদন করেছে। এ বিষয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন বিচারাধীন রয়েছে। হাইকোর্টের নির্দেশে চ্যানেল সিক্সটিন কার্যক্রম পরিচালনা করছে।
প্রতিবেদকের বক্তব্য: তথ্য মন্ত্রণালয়ের নথিপত্রের ভিত্তিতে প্রথম আলোর প্রতিবেদনটি তৈরি করা হয়েছে৷ মন্ত্রণালয় চ্যানেলটি বন্ধের সুপারিশ করেছে। এমনকি চ্যানেলটির পরিচালকদের একাংশও অবৈধ সম্প্রচারের বিষয়ে অভিযোগ করেছেন।
কাগজপত্রে এ চ্যানেলটি বাংলাদেশি চ্যানেল নয়৷ সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল পরিচয় দিয়ে পরীক্ষামূলক সম্প্রচারের জন্য ডাউনলিংকের সাময়িক অনুমতি নিয়ে চালু হয়৷ এরপর অবৈধভাবে এ দেশে তৈরি অনুষ্ঠান ও বিজ্ঞাপন প্রচার করছে৷ এর এমডি মুহিতের বিরুদ্ধে প্রতারণাসহ নানা অস্বচ্ছতার অভিযোগ মন্ত্রণালয়ের নথিতে উল্লেখ আছে৷ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুও বলেছেন, চ্যানেলটির বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ আমলে নিয়ে মন্ত্রণালয় ব্যবস্থা নিচ্ছে।
শুধু তা-ই নয়, ধর্ষণের অভিযোগে এই চ্যানেলর এমডি খন্দকার গোলাম মুহিতের বিরুদ্ধে গত বৃহস্পতিবার অভিযোগ গঠন করেন ঢাকার ৩ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল৷ অভিযোগপত্রে বলা হয়, গত বছরের ১৬ নভেম্বর পূর্বপরিচয়ের সূত্র ধরে গোলাম মুহিত একজন নারীকে ধর্ষণ করেন৷