চ্যালেঞ্জ দুটি জঙ্গি দমন ও মাদক প্রতিরোধ: আইজিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের এখন দুটি চ্যালেঞ্জ—একটি জঙ্গিবাদ দমন ও অন্যটি মাদক প্রতিরোধ। এই দুটি চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারলে প্রতিটি এলাকা নিরাপদ হবে। পুলিশের কাঁধে কাঁধ মিলিয়ে জনগণকেও এ জন্য কাজ করতে হবে।

আজ শনিবার দুপুরে আখাউড়া থানার নতুন ভবন উদ্বোধন শেষে থানা চত্বরে সুধী সমাবেশে বক্তৃতা করতে গিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এ কথাগুলো বলেন।

পুলিশপ্রধান বলেন, জঙ্গিরা মাথা চাড়া দিতে চেয়েছিল। তাদের মাথা ভেঙে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি ঘরে, এলাকায় দুর্গ গড়ে তুলতে হবে। ঘর ও সমাজ থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। জঙ্গিবাদের ঠাঁই এ দেশে হবে না।

মাদক বিষয়ে আইজিপি বলেন, পুলিশ প্রতিবছর বিপুল পরিমাণ মাদক আটক করছে। মাদক ব্যবসায়ী, পাচারকারীদেরও গ্রেপ্তার করছে। তবু মাদকের বিস্তার পুরোপুরি রোধ করা যাচ্ছে না। এ জন্য জনগণকেও এগিয়ে আসতে হবে। কমিউনিটি পুলিশিং কমিটিগুলোকে আরও সক্রিয় হতে হবে। পুলিশের কোনো সদস্য যদি মাদকের সঙ্গে সম্পৃক্ত থাকেন, তাঁকেও গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। জঙ্গিবাদ যেন মাথা চাড়া দিতে না পারে, এ বিষয়েও দেশের প্রত্যেক নাগরিককে সজাগ থাকতে হবে।

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা দেন আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা। অন্যদের মধ্যে বক্তব্য দেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. শফিকুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মুসলেহ উদ্দিন, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার আবু সাঈদ প্রমুখ।