চ্যালেঞ্জ নিতে শেখো, নিজে কিছু করে তাক লাগিয়ে দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন নকীব খান
ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের শ্রেণিকক্ষ পরিদর্শন করেন নকীব খান

‘একাডেমিক ডিগ্রি নিলেই শেখার সিলেবাস শেষ হয়ে যায় না। যদিও আমাদের দেশের প্রেক্ষাপটে চাকরির সুবিধা অনেক কম। তাই সবাই সেদিকে যেতে চায়। তরুণদের প্রতি আমার পরামর্শ থাকবে তোমরা চ্যালেঞ্জ নিতে শেখো, নিজে কিছু করে তাক লাগিয়ে দাও।’
সম্প্রতি নগরের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের (ইডিইউ) প্রশাসনিক ভবনে শ্রেণিকক্ষ পরিদর্শনে এসে নেসলে বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর ও সংগীতশিল্পী নকীব খান শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘তিনটি বিষয়কে সামনে রেখে আমি সব সময় এগিয়ে চলেছি। নিজেকে সমৃদ্ধ করতে আমার জ্ঞানের প্রসার বাড়ানোর চেষ্টা করেছি। সাংস্কৃতিক মূল্যবোধ নিজের ভেতর ধারণ করেছি সেই শৈশব থেকে। সর্বোপরি একজন ভালো মানুষ হওয়ার ইচ্ছা ছিল সব সময়।’
নকীব খান ইডিইউর শিক্ষার্থীদের সঙ্গে আড্ডা দেন। নিজের অভিজ্ঞতা, ক্যারিয়ার, সংগীত ও করপোরেট জীবন নিয়ে মজার মজার সব তথ্য তুলে ধরেন।
ইডিইউতে নকীব খানকে ফুলেল শুভেচ্ছা জানান উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান। এ সময় উপস্থিত ছিলেন প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিরেক্টর শাফায়েত চৌধুরী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সজল বড়ুয়া, অ্যাসোসিয়েট িডন মোহাম্মদ নাজিম উদ্দিন, সহযোগী অধ্যাপক রাশেদ আল করিম প্রমুখ।
নকীব খানকে আমন্ত্রণ জানানো প্রসঙ্গে ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, ‘আমরা একাডেমিক শিক্ষকদের পাশাপাশি করপোরেট বিশ্বের সফল ব্যক্তিদের বাস্তব অভিজ্ঞতা ক্লাসরুমে উপস্থাপন করার চেষ্টা করি। বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করতেই এ ধরনের উদ্যোগ আমাদের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে পাঠ্যসূচির বাইরে কর্মমুখী জ্ঞানের বিষয়ে নানা ধারণা পায়।’