কর্মক্ষেত্রে নারী-পুরুষের যোগ্যতার বিতর্ক বন্ধ করার সময় এসেছে। চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও পড়াশোনা থেকে শুরু করে সব ক্ষেত্রে নারীরা সফল হচ্ছেন। কিন্তু ঝুঁকিপূর্ণ কাজে পরিবার থেকে এখনো বাধা দেওয়া হয়। পাশাপাশি নারীকে ঘরে ও বাইরের—দ্বৈত কাজ সামলাতে হয়।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গতকাল বুধবার ‘সেলিব্রেটিং উইমেন অ্যাট ওয়ার্ক’ শীর্ষক অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের বেসিস উইমেন্স ফোরাম এবং ফেয়ার অ্যান্ড লাভলী ফাউন্ডেশন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক তাঁর জীবনে মায়ের এবং স্ত্রীর অবদানের কথা অনুষ্ঠানে তুলে ধরেন। তিনি বলেন, ‘নারীরা ঘর এবং বাইরের উভয় কাজই অত্যন্ত দক্ষতার সঙ্গে সামলান। তাঁরা মানসিকভাবেও অনেক এগিয়ে। কিন্তু পুরুষেরা এখনো একটি জায়গায় আটকে আছি, যার পরিবর্তন করতে হবে।’
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ বলেন, তথ্যপ্রযুক্তি খাতে যেকোনো ধরনের প্রশিক্ষণে নারীর জন্য ৩০ শতাংশ কোটা বরাদ্দ আছে। উন্নয়নের ধারা এগিয়ে নিতে ২০২১ সালের মধ্যে এ খাতে নারীর ৫০ শতাংশ অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
পৃথিবীর আর কোনো দেশে নারী দিবস উপলক্ষে এমন বর্ণিল আয়োজন দেখেননি উল্লেখ করে মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন,
এ দেশের নারীরা কৃষি, পোশাকশিল্পসহ সব ক্ষেত্রে ভালো করছেন, যা নারীর ক্ষমতায়নকে আরও পোক্ত করবে।
অনুষ্ঠানে বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার, বেসিস উইমেন্স ফোরামের আহ্বায়ক ফারহানা এ রহমান, বাংলাদেশ উইমেন ইন টেকনোলজির সভাপতি লুনা শামসুদ্দোহাসহ অনেকে বক্তৃতা করেন।
এই আয়োজনে ২৬ জন নারীকে কর্মক্ষেত্রে দক্ষতার সঙ্গে কাজের স্বীকৃতিস্বরূপ স্মারক প্রদান ও উত্তরীয় পরিয়ে সম্মাননা দেওয়া হয়। সম্মাননাপ্রাপ্ত নারীরা হলেন শিক্ষাবিদ হামিদা আলী, মনোবিজ্ঞানী মেহতাব খানম, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট পারভীন মাহমুদ, পাইলট আলিয়া মান্নান, রাষ্ট্রদূত মুনা তাসনিম, অর্থনীতিবিদ ফাহমিদা খাতুন, সরকারি কর্মকর্তা সুরাইয়া বেগম, সাংবাদিক সুমনা শারমীন, পেশাজীবী রূপালী চৌধুরী, বিটপী দাশ চৌধুরী, ফ্যাশন ডিজাইনার নিনিয়া আহমেদ মুসা, পুলিশ কর্মকর্তা মাহমুদা আফরোজ লাকি, রূপবিশেষজ্ঞ আফরোজা পারভিন, চিকিৎসক তাহেরা নাজরিন, মানবসম্পদ প্রশিক্ষক পারভিন এস হুদা, আইনজীবী সারা হোসেন, সমাজসেবক সাবিনা হোসেইন, চিকিৎসক সুরাইয়া পারভিন, অভিনেত্রী শমী কায়সার, আলোকচিত্রী শাহরিয়া শারমিন, উদ্যোক্তা স্বপ্না ভৌমিক, সেবিকা জাহানারা আকতার, রিকশাচালক জেসমিন আকতার, প্রযুক্তি উদ্যোক্তা সৈয়দা খাদিজা দিনা, চিত্রশিল্পী নাজিয়া আন্দালিব প্রিমা এবং উপস্থাপক ফারহানা নিশো।
অনুষ্ঠানের শেষ পর্বে সংগীত পরিবেশন করেন এলিটা করিম।