চ্যালেঞ্জ মোকাবিলায় এবারের সম্মেলন গুরুত্বপূর্ণ : নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি
মোহাম্মদ নাসিম। ফাইল ছবি

২০১৯ সালের নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলার জন্য আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের মঞ্চ নির্মাণকাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাসিম এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, আগামী ২০১৯ সালের যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনসহ এ সরকারের সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবারের সম্মেলন অন্যান্য সম্মেলনের চেয়ে আলাদা। তিনি বলেন, এই সম্মেলনের মধ্য দিয়ে যে নতুন নেতৃত্ব আসবে, সেই নেতৃত্বই আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলা করবে। সেই নেতৃত্বের হাত ধরে আগামী নির্বাচনেও আওয়ামী লীগ জয়ী হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি প্রাচীন রাজনৈতিক সংগঠন। লাখ লাখ নেতা-কর্মীর প্রাণের সংগঠন। এই সংগঠনের জাতীয় সম্মেলন যেকোনো মূল্যে সফল করা হবে। সম্মেলন সফল করার জন্য সার্বিক প্রস্তুতি কাজ চলছে।

মোহাম্মদ নাসিমের নেতৃত্বে সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে মঞ্চ নির্মাণ ও প্যান্ডেল নির্মাণকাজ পরিদর্শন করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, কেন্দ্রীয় সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, এনামুল হক শামীম প্রমুখ।