ন্যাশনাল ডিফেন্স কলেজে বক্তৃতায় হর্ষবর্ধন শ্রিংলা
চ্যালেঞ্জ মোকাবিলায় দুদেশের সহযোগিতা বাড়ানো প্রয়োজন
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, নতুন চ্যালেঞ্জের কারণে দুই দেশের সশস্ত্র বাহিনী, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং মাঠপর্যায়ে জোরালো সমন্বয়ের প্রয়োজন দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকায় ন্যাশনাল ডিফেন্স কলেজে দেওয়া বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
ভারতীয় হাইকমিশনার এদিন ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) চলতি কোর্সে অংশগ্রহণকারীদের উদ্দেশে বক্তৃতা দেন। এ সময় উপস্থিত ছিলেন এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দি, বীর বিক্রম।
বক্তৃতার শুরুতে এ মাসের প্রথম দিকে বাংলাদেশের সন্ত্রাসী হামলায় নিরীহ লোকজনের প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেন ভারতের হাইকমিশনার। তিনি বলেন, ‘সন্ত্রাসীদের পরাস্ত করতে আপনাদের সশস্ত্র বাহিনী সাহসী ভূমিকা রেখেছে এবং দেশের শান্তি ও স্থিতিশীলতায় তাদের অবদান ও অঙ্গীকারকে আমরা শ্রদ্ধা জানাই। আমাদের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে বলেছেন, সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশ একা নয়। আপনাদের পাশে আছে ভারতের জনগণ।’ ভারতীয় হাইকমিশনারের মতে, সন্ত্রাসবাদ সামাজিক কাঠামোর জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে এবং যেকোনো ইতিবাচক উন্নয়নকে দুর্বল করাই এসব গোষ্ঠীর একমাত্র লক্ষ্য। এ জন্য সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ক্ষেত্রে যেকোনো সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছেন।
তিনি মনে করেন, অর্থনৈতিক সহযোগিতা জোরদারের প্রেক্ষাপটে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে।
ভারতের নিরাপত্তা পরিস্থিতির প্রসঙ্গ টেনে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘নিরাপত্তা সম্পর্কের ধারণা পাল্টে যাওয়ায় সন্ত্রাসবাদ প্রধান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। ১৯৯০ সাল থেকেই ভারত আন্তসীমান্ত সন্ত্রাসবাদের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। সন্ত্রাসবাদের বৈশ্বিক অংশীদারত্ব এবং ভারতের কৌশলগত ও নিরাপত্তা সংলাপের ক্ষেত্রে দৃশ্যমান বিস্তৃতি ঘটেছে। জাতিসংঘে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ নিয়ে একটি সমন্বিত সনদের জন্য ভারত ঐকমত্য গঠনের চেষ্টা অব্যাহত রেখেছে। সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবরাহ বন্ধ, তাদের চলাচল প্রতিরোধ, সন্ত্রাসবাদের অর্থায়ন বন্ধ করে একে অপরাধ হিসেবে গণ্য করা এবং আমাদের সাইবার জগতের নিরাপত্তা নিশ্চিত করতে ও সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের জন্য ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহার সীমিত করার আহ্বান জানিয়েছে ভারত। বাংলাদেশও সন্ত্রাসবাদের ক্ষেত্রে কিছু ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে আমাদের অমূল্য অংশীদার বাংলাদেশ।’