চ্যালেঞ্জে ক্ষমতাসীনেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজনীতি: ময়মনসিংহের ৪টি আসন
রাজনীতি: ময়মনসিংহের ৪টি আসন

নির্বাচনকালীন সরকার-ব্যবস্থা নিয়ে ক্ষমতাসীন ও বিরোধী জোটের পরস্পরবিরোধী অবস্থানের কারণে দশম জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সংশয়ে আছে দেশবাসী। কিন্তু প্রধান দুই দল ও জোট থেকে মনোনয়নপ্রত্যাশীরা বসে নেই।
ময়মনসিংহের চারটি আসনে মনোনয়নপ্রত্যাশীরা ধর্মীয় উৎসবে মানুষকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সামাজিক সংগঠনে অনুদান, অসহায় মানুষকে দান-খয়রাত করা ছাড়াও ভোটারদের সঙ্গে হূদ্যতা বাড়ানোর জন্য ছুটে যাচ্ছেন নির্বাচনী এলাকার প্রত্যন্ত গ্রামে। গ্রামগুলোও ছেয়ে গেছে মনোনয়নপ্রত্যাশীদের ব্যানার-ফেস্টুনে।
দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে ইঙ্গিত পাওয়া গেছে, কিছু তরুণ নেতার উপস্থিতি ও দলীয় কোন্দলের কারণে ময়মনসিংহের চারটি আসনে আওয়ামী লীগের বর্তমান চার সাংসদের পক্ষে মনোনয়ন পাওয়া কঠিন হবে। এর কারণ, নির্বাচনী এলাকায় উন্নয়নকাজ কম করা, আত্মীয়করণ, দলীয় কোন্দল ও তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে ভালো আচরণ না করা। সেদিক দিয়ে মোটামুটি স্বাচ্ছন্দ্যে আছে বিএনপি। এ দল থেকেও প্রতিটি আসনে একাধিক মনোনয়নপ্রত্যাশী। কিন্তু দলীয় কোন্দল তেমন প্রকট নয়।
ময়মনসিংহ-৩ (গৌরীপুর): এই আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। নির্বাচন সামনে রেখে সরকারের উন্নয়ন ও নিজের প্রার্থিতার ঘোষণা দিয়ে এলাকায় অসংখ্য ব্যানার-ফেস্টুন লাগিয়েছেন তিনি। কিন্তু দলীয় কোন্দলের কারণে উপজেলার রাজনীতিতে তিনি বর্তমানে কোণঠাসা।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিধুভূষণ দাস বলেন, ‘গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এবং পরে জেলা আওয়ামী লীগের কর্মী সমাবেশে আমি বলেছি, মজিবুর রহমান ফকির জনবিচ্ছিন্ন নেতা। এখানে আওয়ামী লীগের আসন টিকিয়ে রাখতে হলে প্রার্থী বদলাতে হবে।’

যদিও জনবিচ্ছিন্নতার অভিযোগ স্বীকার করেন না মজিবুর রহমান ফকির। তিনি প্রথম আলোকে বলেন, এসব অপপ্রচার।

এই আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যশী অন্য নেতারা হলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ-সম্পাদক সামীউল আলম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আহামঞ্চদ খান পাঠান।

উপজেলা আওয়ামী লীগের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, নির্বাচন যত কাছে আসছে, বর্তমান সাংসদের মনোনয়ন পাওয়ার বিষয়টি তত কঠিন হয়ে যাচ্ছে।

এই আসনে নিজেদের প্রার্থিতার পক্ষে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিএনপির একাধিক নেতা। তাঁদের মধ্যে বিগত নির্বাচনে পরাজিত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম ইকবাল হুসাইন কিছু দিন ধরে তৃণমূলের নেতাদের নিয়ে কাজ করছেন। অন্যদিকে গত নির্বাচনে মনোনয়নবঞ্চিত জেলা (উত্তর) বিএনপির সাবেক সভাপতি এ এস এম নজমুল হুদা বর্তমান সরকারের প্রায় সাড়ে চার বছর পর বিএনপির একাংশের নেতাদের ডাকে গত ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে নির্বাচনী এলাকায় আসেন। বর্তমানে নজমুল হুদাও প্রচারণার কাজ চালিয়ে যাচ্ছেন।

ময়মনসিংহ-৪ (সদর): এই আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ মতিউর রহমান। তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে এখনো কেউ নিজের প্রার্থিতা ঘোষণা করেননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, শেষ সময়ে কোনো চমক থাকতেও পারে এই আসনে।

বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির (দক্ষিণ) সভাপতি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক আবদুল ওয়াহাব আকন্দ মনোনয়নের জোর দাবিদার। দলীয় সূত্র জানায়, তাঁদের কেউ একজন হতে পারেন বিএনপির মনোনীত প্রার্থী।

ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ): এই আসনের আওয়ামী লীগের সাংসদ এম এ ছাত্তার দশম নির্বাচনেও দলীয় মনোনয়নপ্রত্যাশী। তবে সাধারণ ভোটার ও দলের তৃণমূলের নেতা-কর্মীদের অনেকের অভিযোগ, সাংসদ নিজের কাজ চালান শ্বশুরবাড়ির লোকদের দিয়ে। সাংসদের সম্বন্ধী মো. হাবিবুর রহমান ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি। শ্যালক মাহবুবুর রহমান উপজেলা ছাত্রলীগের সভাপতি। নেতা-কর্মীদের একাংশের অভিযোগ, সাংসদ নিজের মতামতের চেয়ে সম্বন্ধী ও শ্যালকের মতামতকে প্রাধান্য দেন। সাংসদের বিরোধী নেতা-কর্মীদের অনেকে ইঙ্গিত দিয়েছেন, আগামী নির্বাচনে তাঁরা দলের অপর মনোনয়নপ্রত্যাশী মাহমুদ হাসানকে সমর্থন দিতে পারেন। তরুণ ব্যবসায়ী মাহমুদ হাসান বর্তমান সরকারের শুরু থেকেই উপজেলার তৃণমূলের নেতাদের নিয়ে নিজস্ব অবস্থান সৃষ্টি করেছেন।

এই আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশায় যাঁরা প্রচারণা ও গণসংযোগ করছেন তাঁরা হলেন সাবেক সাংসদ শাহ নুরুল কবীর শাহীন, উপজেলা বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেলাল, জাতীয়তাবাদী পেশাজীবী সংগঠনের নেতা লুৎফুল্লাহেল মাজেদ, সাবেক উপজেলা চেয়ারম্যান আহামঞ্চদ হোসেনসহ আরও কয়েকজন। তবে তৃণমূলের অনেক নেতা-কর্মী জানান, শাহ নুরুল কবীর মনোনয়ন পেলে বিএনপি আসনটি পুনরুদ্ধার করতে পারবে।

ময়মনসিংহ-১০ (গফরগাঁও): ময়মনসিংহের এই আসনের সরকারদলীয় সাংসদ গিয়াসউদ্দিন আহমেদ নির্বাচনী এলাকায় বন্দুক দিয়ে গুলি ছুড়ে বিতর্কিত হয়েছেন। এই অবস্থায় আবার মনোনয়ন পাওয়া তাঁর জন্য কঠিন হতে পারে। আওয়ামী লীগের মনোনয়ন প্রতিযোগিতায় থাকা অন্য নেতারা হলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আলাল আহমেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফাহমি গোলন্দাজ, পৌরসভার মেয়র কায়সার আহমেদ। ১৭ বছর ধরে আওয়ামী লীগের কোনো কমিটি না থাকায় এই তিনজন নিজেদের ইচ্ছামতো আহ্বায়ক কমিটি করে নিজস্ব বলয় তৈরি করেছেন। তাঁরা তিনজনই দলীয় কর্মসূচি পালন করেন পৃথকভাবে, নিজের লোকজন নিয়ে।

এই আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশা করে প্রচারণা ও গণসংযোগ চালাচ্ছেন উপজেলা বিএনপির সভাপতি এ বি সিদ্দিকুর রহমান। তিনি ছাড়াও আছেন দলের প্রবীণ নেতা সাবেক সাংসদ ফজলুর রহমান সুলতান, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক আখতারুজ্জামান। এ ছাড়া দলের চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন এখনো খোলামেলা কিছু না বললেও তিনিও দল থেকে মনোনয়ন চাইতে পারেন বলে শোনা যাচ্ছে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতার বক্তব্য: আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহামঞ্চদ হোসেন প্রথম আলোকে বলেন, দলীয় মনোনয়ন অনেকেই চাইতে পারেন। কিন্তু মাঠ পর্যায়ে জনমত যাচাই করে মনোনয়ন দেওয়া হবে। দলের কোনো সাংসদের জনসমর্থনের কারণে প্রার্থী পরিবর্তন হতে পারে।