চড়া সুদে আর নয় ঋণ মুষ্টি চালে ঘুরল দিন
প্রতিদিন এক মুঠো করে চাল সঞ্চয়ের মাধ্যমে ‘কমিউনিটি ফুড ব্যাংক’ গড়ে তুলেছেন নওগাঁর আদিবাসী নারীরা। এর মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া আদিবাসীরা তাঁদের দিন বদলে দিয়েছেন। এখন দুঃসময়ে তাঁদের আর চড়া সুদে ঋণ নিতে হচ্ছে না। এরই মধ্যে জেলার মহাদেবপুর, পত্নীতলা, সাপাহার ও পোরশা উপজেলার বিভিন্ন গ্রামের আদিবাসী নারীরা ৪০টি ফুড ব্যাংক গড়ে তুলেছেন।২০০৫ সালে মহাদেবপুর উপজেলার হাতুর ইউনিয়নে বেসরকারি সংস্থা বরেন্দ্র সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (বিএসডিও) উদ্যোগে পরীক্ষামূলকভাবে প্রথম এ কার্যক্রম শুরু করা হয়। চার বছর আগে পত্নীতলা উপজেলার বুজরুক মামুদপুর গ্রামের ১৬ জন আদিবাসী নারী একমুঠো করে চাল জমা করতে থাকেন। বর্তমানে ৭০ মণ চাল জমা করেছেন তাঁরা। অভাবের সময়ে এই চাল তাঁদের দিয়েছে খাদ্যনিরাপত্তা। কর্মহীন সময়ে তাঁরা এখন ফুড ব্যাংক থেকে চাল ধার নিচ্ছেন। পুনরায় কাজ শুরু হলে তাঁরা কিছু অতিরিক্ত চালসহ তা ফেরত দিচ্ছেন। এই অতিরিক্ত চাল সমিতির লাভ হিসেবে জমা থাকছে।বিএসডিওর প্রকল্প ব্যবস্থাপক আতাউর রহমান বলেন, তাঁরা এ কর্মসূচিতে সফল হয়েছেন। এর মাধ্যমে দুটি সুবিধা হয়েছে। প্রথমত, আদিবাসীদের সস্তায় আগাম শ্রম বিক্রি করতে হচ্ছে না। দ্বিতীয়ত, চড়া সুদে ঋণ নেওয়া থেকেও বেঁচে গেছেন তাঁরা।স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছর বৈশাখ-জ্যৈষ্ঠ ও আশ্বিন-কার্তিক মাসে আদিবাসীদের কোনো কাজ থাকে না। এ সময় খেয়ে না খেয়ে দিন পার করতে হতো তাঁদের। বাধ্য হয়ে আদিবাসীরা সচ্ছল ব্যক্তিদের কাছে সস্তায় শ্রম বিক্রি করতেন। অনেকেই চড়া সুদে ঋণ নিয়ে সংসার চালাতেন।মহাদেবপুরের আদিবাসী মহেশ্বর বলেন, তাঁরা প্রতিদিন রাতে ভাত রান্নার চাল থেকে একমুঠো চাল সরিয়ে রাখেন। সমিতির সদস্যরা সপ্তাহে একদিন সুবিধামতো সময়ে সভায় মিলিত হয়ে প্রত্যেকে ২৫০ গ্রাম করে চাল নিজ নিজ হিসাবে জমা দেন। চাল ঋণ নেওয়া বা পরিশোধ করার বিষয়টিও সভায় আলোচনা হয়। সমিতির সদস্যদের পাশাপাশি গ্রামের অভাবগ্রস্ত অন্য পরিবারকেও চাল ঋণ দেওয়া হয়। কেউ এক মণ চাল নিলে তাঁকে তিন মাস পর ওই পরিমাণ চালের অতিরিক্ত পাঁচ কেজি বেশি চাল ফেরত দিতে হয়।আদিবাসীরা জানান, স্থানীয়ভাবে ফুড ব্যাংক গড়ে তুলে তাঁরা অভাবনীয় সফলতা অর্জন করেছেন। এই কর্মসূচি পিছিয়ে পড়া সব জনগোষ্ঠীর জন্য অনুকরণীয় হতে পারে।মহাদেবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমান বলেন, আদিবাসী নারীদের ফুড ব্যাংক কর্মসূচি ক্ষুদ্র আকারের হলেও খুব ভালো একটা মডেল। কমিউনিটিভিত্তিক খাদ্যনিরাপত্তা গড়ে তোলার জন্য এ ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম।