চড়ারহাট বধ্যভূমিতে স্মৃতিসৌধ নির্মাণ
দেশ স্বাধীন হওয়ার ৪০ বছর পর দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট বধ্যভূমিতে স্মৃৃৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। ১৯৭১ সালে হানাদার বাহিনীর সদস্যরা এ উপজেলার ৯৮ জন নিরীহ লোককে গুলি করে হত্যা করে। মুক্তিযুদ্ধের সময় নিহত হওয়া ওই নিরীহ লোকদের স্মৃতি রক্ষা করার জন্য মুক্তিযোদ্ধা অজিত রায়ের উদ্যোগে এবং স্থানীয় মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী ও জনপ্রতিনিধিদের আর্থিক সহায়তায় এটি নির্মাণ করা হয়। এ উপলক্ষে নবাবগঞ্জ উপজেলার চড়ারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। সেক্টর কমান্ডারস ফোরাম দিনাজপুর জেলা শাখা আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন স্থানীয় পুটিমারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাসান আলী।গ্রামবাসী জানান, হত্যাকাণ্ডের পর নিহত ব্যক্তিদের বর্তমান প্রাণকৃষ্ণপুর শহীদ স্মৃতি কলেজের কাছে পুকুরপাড়ে গণকবর দেওয়া হয়। প্রাণকৃষ্ণপুর গ্রামের প্রবেশমুখে দিনাজপুর-ঘোড়াঘাট সড়কের পাশে স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। গতকাল সোমবার এটি উদ্বোধন করা হয়। ৫০ হাজার টাকা ব্যয় করে এটি নির্মাণ করা হয়েছে। মুক্তিযোদ্ধা অজিত রায় বলেন, স্বাধীনতার ৪০ বছর পরও চড়ারহাটের শহীদেরা কোনো মর্যাদা পাননি। অবশেষে নবাবগঞ্জ, বিরামপুর ও হাকিমপুর উপজেলা চেয়ারম্যান এবং ঘোড়াঘাটসহ এ চার উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার ও সেক্টর কমান্ডারস ফোরাম দিনাজপুরের সহায়তায় স্মৃতিসৌধটি নির্মাণ করা হয়েছে।