চড়ুইভাতিতে খাদ্যে বিষক্রিয়া, এক শিশুর মৃত্যু, অসুস্থ ২৭
কুমিল্লার বরুড়া উপজেলার কাকৈরতলা গ্রামে চড়ুইভাতিতে খাদ্যে বিষক্রিয়ায় এক শিশুর মৃত্যু এবং অসুস্থ হয়েছে আরও ২৭ শিশু। গত বুধবার রাতে ওই ঘটনা ঘটে। অসুস্থ শিশুদের বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ছয়জনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।এলাকাবাসী জানান, বরুড়া উপজেলার কাকৈরতলা গ্রামের ৮ থেকে ১২ বছর বয়সী একদল শিশু গত বুধবার রাতে চড়ুইভাতির আয়োজন করে। এতে তারা বাড়ির সবার ঘরসহ বিভিন্নজনের কাছ থেকে চাল ও টাকা সংগ্রহ করে। বুধবার রাতেই চড়ুইভাতির রান্না হয়। শিশুরা স্থানীয় একজন নারীর মাধ্যমে সংগৃহীত চাল ও সবজি দিয়ে বিরিয়ানি তৈরি করে। খাওয়ার পরপর শিশুরা একে একে অসুস্থ হতে থাকে। এরপর তাদের প্রথমে বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে আশরাফুল নামের নয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়।