ছকাপন স্টেশন আধুনিকায়নের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন রেলস্টেশনের আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে গতকাল রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী l ছবি: প্রথম আলো
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন রেলস্টেশনের আধুনিকায়নসহ বিভিন্ন দাবিতে গতকাল রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী l ছবি: প্রথম আলো

সিলেট-আখাউড়া রেলপথের মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ছকাপন রেলস্টেশন আধুনিকায়নের দাবিতে গতকাল বুধবার স্টেশন চত্বরে ‘সচেতন নাগরিক সমাজের ব্যানারে’ মানববন্ধন হয়েছে। এ সময় ট্রেন আটকে এলাকাবাসী বিক্ষোভও করেন।
এলাকাবাসী ও রেলস্টেশনে দায়িত্বে থাকা কর্মকর্তার সূত্রে জানা গেছে, ছকাপন রেলস্টেশনটি ১৯৭৫-৭৬ অর্থবছরে স্থাপিত হয়। এরপর থেকে এ স্টেশনের কোনো উন্নয়ন হয়নি। স্টেশনে বিদ্যুৎ, টেলিফোন, প্ল্যাটফর্ম ও শৌচাগার নেই। এ স্টেশন দিয়ে উপজেলার কাদিপুর ও ভূকশিমইল ইউনিয়নের শতাধিক মানুষ ট্রেনে বিভিন্ন স্থানে যাতায়াত করে। এ ছাড়া এসব এলাকার ৫০-৬০ জন শিক্ষার্থী প্রতিদিন ট্রেনে সিলেট ও কুলাউড়ায় আসা-যাওয়া করে। স্টেশনে বিদ্যুৎ না থাকায় রাতে যাত্রীরা দুর্ভোগে পড়ে। টেলিফোন-সংযোগ না থাকায় যাত্রীরা ট্রেনের অবস্থান ও সময়সূচি জানতে পারে না। একজন বুকিং ক্লার্ক দিয়ে দীর্ঘদিন ধরে স্টেশনের কার্যক্রম চলছে। প্রতিদিন এই স্টেশনে ছয়টি ট্রেনের যাত্রীরা ওঠানামা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে স্টেশন চত্বরে রেলপথের পাশে মানববন্ধন শুরু হয়। এ কর্মসূচিতে কাদিপুর ও ভূকশিমইল ইউনিয়নের বিভিন্ন এলাকার ৭০০-৮০০ লোক অংশ নেন। মানববন্ধন চলাকালে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফজলুল হক খান, ভূকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুর রহমান, ইউপি সদস্য আবদুল মালিক, সচেতন নাগরিক সমাজের আহ্বায়ক সৈয়দ আবদুল হামিদ মাহফুজ প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা ছকাপন রেলস্টেশনে বিদ্যুৎ ও টেলিফোন-সংযোগ দেওয়া, প্ল্যাটফর্ম স্থাপন ও ডেমু কমিউটার ট্রেনের যাত্রাবিরতির দাবি জানান।

বেলা সাড়ে ১১টার দিকে সুরমা মেইল স্টেশনে পৌঁছালে মানববন্ধনে অংশগ্রহণকারী লোকজন ১০-১৫ মিনিট ট্রেনটি থামিয়ে বিক্ষোভ করেন।

বাংলাদেশ রেলওয়ের ঢাকার বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মো. আরিফুজ্জামান বলেন, ছকাপন রেলস্টেশনে বিদ্যুৎ-সংযোগের ব্যাপারে ইতিমধ্যেই বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে। আর অন্যান্য সমস্যার ব্যাপারেও পর্যায়ক্রমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।