ছক্কা-চার হাঁকালেন দৃষ্টিপ্রতিবন্ধীরা
ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ জন দৃষ্টিপ্রতিবন্ধীকে নিয়ে ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার শহরের অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের বোর্ডিং মাঠে দৃষ্টিপ্রতিবন্ধীদের সংগীতচর্চা কেন্দ্র ‘ইনার আইজ মিউজিক ইনস্টিটিউশন’ ব্যতিক্রমধর্মী এ আয়োজন করে। দৃষ্টিপ্রতিবন্ধী খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য দেখতে ওই মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। বিশেষ একধরনের বল দিয়ে (সিঙ্গিং বল) দৃষ্টিপ্রতিবন্ধীরা খেলায় অংশ নেন। বোলার বল করার পর বলটির শব্দ শুনে ব্যাটসম্যান ব্যাট চালান।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপমহাদেশের প্রখ্যাত উচ্চাঙ্গসংগীত সাধক ও সারোদ বাদক ব্রাহ্মণবাড়িয়ার সন্তান দৃষ্টিপ্রতিবন্ধী ওস্তাদ আফজালুর রহমানের দুই মেয়ে দৃষ্টিপ্রতিবন্ধী মহুয়া রহমান ও অন্তরা রহমানের সার্বিক ব্যবস্থাপনায় এ ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়। খেলায় ধারাভাষ্যকার ছিলেন জাতীয় ক্রীড়া ভাষ্যকার কুমার কল্যাণ। তাঁর সঙ্গে ছিলেন মহুয়া রহমান। স্কোরার ছিলেন অন্তরা রহমান। খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাহমুদুল্লাহ পাভেল ও মহিউদ্দিন বাবু।মহুয়া ও অন্তরা রহমান বলেন, ইনার আইজ স্টার লাইট ও ইনার আইজ মুন লাইট নামের দুটি দলের মধ্যে ১০ ওভারের এ খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ইনার আইজ স্টার লাইট দল ২১ রানে জয়ী হয়েছে। ম্যান অব দ্য ম্যাচ হন জয়ী দলের খেলোয়াড় সৈকত। খেলায় প্রধান অতিথি ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুস সাত্তার। ইনার আইজ মিউজিক ইনস্টিটিউশনের চেয়ারম্যান আনোয়ারা রহমানের সভাপতিত্বে খেলায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম, যুক্তরাষ্ট্রের নাগরিক ডেভি পর্টেটস ও কেপ্সরিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহসভাপতি আল আমীন শাহীন প্রমুখ।