ছগিরের ভাইদের জন্য প্রয়োজন একটি চাকরি
পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে ছগির আহমেদ ছিলেন চতুর্থ। স্নাতকে পড়ার পাশাপাশি কাজ করতেন রানা প্লাজায় অবস্থিত নিউ ওয়েভ স্টাইল লিমিটেডে মান নিয়ন্ত্রণ সহকারী হিসেবে। তাঁর আয়েই চলত পুরো সংসার।
ঢাকার সাভারে রানা প্লাজা ধসে ছগিরের মৃত্যুর সঙ্গে সঙ্গে ধসে গেছে তাঁদের পুরো পরিবার। চরম অভাব-অনটনে কাটছে দিন।
ছগিরদের বাড়ি পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঘটেকের আন্দুয়া গ্রামে। সম্প্রতি এই প্রতিবেদন ওই বাড়িতে গিয়ে ছগিরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।
ছগিরের পরিবারের সদস্যরা জানান, ২০০৫ সালে ছগিরের বাবা মো. সেকান্দার আলীর ওপেন হার্ট সার্জারি করা হয়। মা খাদিজা বেগম পারকিনসন (কাঁপুনি) রোগী। মা-বাবার চিকিৎসা করাতেই তাঁদের সব ফসলি জমি বিক্রি করতে হয়েছে। দুই বোনের বিয়ে হয়েছে।
ছগিরের ভাইদের মধ্যে বড় ভাই মিজানুর রহমান (৩৮) কামিল পাস করেছেন। কামরুজ্জামান (২৯) ও মোজাহিদুল ইসলাম (২৬) স্নাতকোত্তর শেষ করেছেন। ছোট ভাই ছাব্বির (১১) ষষ্ঠ শ্রেণীতে পড়ছে।
কামরুজ্জামান প্রথম আলোকে জানান, অভাব-অনটনের সংসার। তবু তাঁরা অনেক কষ্ট করে লেখাপড়া করেছেন। সম্পত্তির মধ্যে আছে শুধু ১০ কড়া জমির ওপর বসতঘর। তিন ভাই বেকার। প্রতিদিনই চাকরির জন্য তাঁদের ছুটতে হয়।
ছগিরের বাবা সেকান্দার আলী বলেন, ‘ছগির নিজের চেষ্টা করে লেখাপড়া করেছে। সংসারে অভাব দেখে আমাদের সান্ত্বনা দিয়ে বলত, “লেখাপড়া করে ভালো চাকরি করে আমাদের মুখে হাসি ফোটাবে।” কিন্তু হাসির বদলে ও আমাদের দিয়ে গেল শুধু কান্না। আজ ছগির নেই। কিন্তু ওর ভাইয়েরা আছে। তাদের যদি একটা চাকরির ব্যবস্থা হয়, তাহলে পরিবারের জন্য ছগিরের যে স্বপ্ন ছিল, তা কিছুটা হলেও পূরণ হবে।’