ছটফটে শিশুটিকে শান্ত রাখতে কত কসরত করতে হতো মা-বাবাকে। কিন্তু ছয় বছরের সেই মো. সোহান এখন সংজ্ঞাহীন। পড়ে রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু সার্জারি ওয়ার্ডের মেঝেতে। মাথায় ব্যান্ডেজ, বাঁ চোখ ফুলে কালো হয়ে রয়েছে। চলছে স্যালাইন।গতকাল বৃহস্পতিবার সকালে ফরিদপুরের বোয়ালমারীতে হরতাল-সমর্থকদের ছোড়া ইট এসে লাগে সোহানের মাথায়। সেই থেকে সে সংজ্ঞাহীন। চিকিৎসকেরা বলছেন, ইটের আঘাতে শিশুটির মাথার খুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার অবস্থা সংকটাপন্ন।গতকাল বিকেলে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় গিয়ে দেখা যায়, সোহান পড়ে রয়েছে মেঝেতে। তার পাশে উদ্বিগ্ন মা-বাবা।শিশুটির মা সাহানা আক্তার বলেন, তাঁদের বাড়ি বোয়ালমারী উপজেলার সশ্রাইল গ্রামে। দুই ছেলেমেয়ের মধ্যে সোহান ছোট। সকালে ছেলেকে নিয়ে একই উপজেলার রাজাপুর গ্রামে বাবার বাড়ি যাচ্ছিলেন তিনি। বাসে ‘মহিলা আসনে’ তাঁর কোলে ছিল সোহান। বাসটি রামচন্দ্রপুর এলাকার কালভার্টের কাছাকাছি এলে ৯-১০ জন যুবক বাসের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। এ সময় একটি ইটের টুকরা এসে লাগে সোহানের মাথায়। এরপর তাকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। চিকিৎসকেরা সোহানকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় আনার পরামর্শ দেন।সাহানা আক্তার জানান, লোকজনের কাছ থেকে ধার করে সাড়ে চার হাজার টাকায় অ্যাম্বুলেন্স ভাড়া করে সোহানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা সোহানের মাথায় আটটি সেলাই দিয়েছেন। আজ শুক্রবার তার অস্ত্রোপচার করা হবে কি না, সে সিদ্ধান্ত নেবেন তাঁরা।সোহানের বাবা ফলবিক্রেতা সেলিম শেখ জানান, আহত হওয়ার পর থেকে তাঁর ছটফটে ছেলেটি সংজ্ঞাহীন। তিনি ছেলের সুচিকিৎসা চান। সোহান স্থানীয় ব্র্যাক স্কুলে শিশু শ্রেণীতে পড়ে।