ছড়া দখল ঠেকাতে উঠছে দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের জল্লারপাড় এলাকায় ছড়ামুক্ত করে দুই পাশে এভাবেই দেয়াল নির্মাণ করা হচ্ছে। ছবিটি গতকালের l প্রথম আলো
নগরের জল্লারপাড় এলাকায় ছড়ামুক্ত করে দুই পাশে এভাবেই দেয়াল নির্মাণ করা হচ্ছে। ছবিটি গতকালের l প্রথম আলো

সিলেট নগরের ছড়াগুলোর (খাল) পুনর্দখল ঠেকাতে এবার দেয়াল নির্মাণের পরিকল্পনা করেছে সিটি করপোরেশন কর্তৃপক্ষ। ছড়ার গতিপথ নির্ধারণ করে দুই পাশে এসব দেয়াল নির্মাণ করা হচ্ছে।
পরিকল্পনা অনুযায়ী, প্রাথমিকভাবে নগরের কেন্দ্রস্থল সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড এলাকা দিয়ে প্রবহমান মুগলীছড়ার দখলমুক্ত অংশে দেয়াল নির্মাণ করা হবে। পর্যায়ক্রমে একই উদ্যোগ বাস্তবায়ন করা হবে অন্যান্য ছড়ায়।
তবে এই উদ্যোগ যেন কোনোভাবেই ছড়ার প্রাকৃতিক অবস্থার জন্য প্রতিবন্ধক না হয়, সেদিকে নজর রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম। তিনি বলেন, দখলমুক্ত অংশে ফের দখল ঠেকাতে এ উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। তবে এসব স্থায়ী স্থাপনা তৈরি যাতে ছড়ার প্রাকৃতিক গতিপথ ব্যাহত না করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।
সিলেট সিটি করপোরেশন এলাকায় ছোট-বড় ২৫টি ছড়া রয়েছে। উত্তরে টিলা এলাকা থেকে এসব ছড়া নগর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণে সুরমা নদীতে গিয়ে মিলিত হয়েছে। ছড়াগুলো নগরের প্রাকৃতিক নালা হিসেবে ব্যবহৃত হচ্ছে। এসব ছড়ার আঁকাবাঁকা দৈর্ঘ্য প্রায় ১০০ কিলোমিটার। এই ১০০ কিলোমিটার অংশের প্রায় অর্ধেকই নানা অবৈধ স্থাপনার দখলে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুর আজিজুর রহমান বলেন, ছড়ার ১০০ কিলোমিটার এলাকায় ১ হাজার ৫৯টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এসব স্থাপনা অপসারণে সংশ্লিষ্ট ব্যক্তিদের একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে। স্বেচ্ছায় অপসারণ করা না হলে উচ্ছেদ অভিযান চলানো হবে।
করপোরেশনের সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা যায়, সর্বশেষ জল্লারখাল দখলমুক্ত করা হয়েছে। গত ৬ নভেম্বর এই দখলমুক্ত অংশ পরিদর্শন করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি তখন ছড়াসহ নগরের জলাশয় যাতে আর দখল না হয়, সে জন্য সিটি করপোরেশনকে কঠোর থাকার নির্দেশ দিয়েছিলেন। এরপরই দেয়াল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করে সিটি করপোরেশন।
মুগলীছড়া সিলেট জেলা স্টেডিয়ামের পেছন দিক দিয়ে শুরু হয়ে দাড়িয়াপাড়া-মণিপুরি রাজবাড়ী-লামাবাজার-কাজীরবাজার হয়ে সুরমা নদীতে গিয়ে মিলেছে।
সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান জানান, প্রায় ৫০ লাখ টাকা ব্যয়ে এই প্রকল্পের আওতায় ৫০০ ফুট দেয়াল নির্মাণ করা হচ্ছে। আগামী মাসের মধ্যে মুগলীছড়ার মণিপুরি-রাজবাড়ী থেকে লামাবাজার পর্যন্ত অংশের কাজ সম্পন্ন হবে।
জল্লারখালের অবৈধ স্থাপনা একদফা উচ্ছেদ করা হয়েছিল ২০০৭ সালে। তত্ত্বাবধায়ক সরকার আমলে সিটি করপোরেশনের নোটিশ পেয়ে দখলদার পক্ষ স্বেচ্ছায় তাদের স্থাপনা গুটিয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে ফের দখলে চলে যায় জল্লারখাল। সম্প্রতি সিটি করপোরেশন জল্লারখাল আবার দখলমুক্ত করে। এই অংশ স্থায়ীভাবে দখলমুক্ত রাখতে সিটি করপোরেশন একটি ‘ওয়াকওয়ে’ নির্মাণের উদ্যোগ নিয়েছে।
এ বিষয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, জল্লারখাল থেকে পাকা ঘরবাড়িও উচ্ছেদের ফলে খালের তীরে প্রায় কোটি টাকা মূল্যমানের জমি পুনরুদ্ধার হয়েছে। সেখানে ওয়াকওয়ে নির্মাণে অর্থমন্ত্রী মৌখিকভাবে সম্মতি দিয়েছেন। প্রস্তাবিত এ প্রকল্প বাস্তবায়ন করতে পারলে এটিই হবে সিলেটের প্রথম ওয়াকওয়ে।