ছড়া দখলে ছাড় নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে ছড়ার ওপর ১ হাজার ৫৯টি অবৈধ স্থাপনা চিহ্নিত করেছে সিটি করপোরেশন। এসব স্থাপনার অধিকাংশ পাকা ভবন। পাকা স্থাপনার জন্য ছড়াগুলো দখলমুক্ত করার কাজে দেরি হচ্ছে। ছড়া দখলে কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব।
গতকাল মঙ্গলবার নগরের কেন্দ্রস্থলের জল্লারপাড় এলাকার একটি ছড়ার ওপর অবৈধভাবে নির্মিত দোকানকোঠা উচ্ছেদকালে এনামুল হাবীব এসব কথা বলেন।
সিটি করপোরেশনের জনসংযোগ দপ্তর জানায়, জল্লারপাড় মূল সড়কের পাশ ঘেঁষে ১৩ ফুট প্রস্থের ছড়ার প্রায় পাঁচ ফুট দখল করে ২৫ ফুট দৈর্ঘ্যের পাকা দোকানকোঠা তৈরি করা হয়। সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অভিযানে নেতৃত্ব দেন।
এনামুল হাবীব জানান, ছড়ার ওপর এই অবৈধ স্থাপনাটি ২০০৭ সালে একবার ভেঙে ফেলা হয়েছিল। পরে আবার স্থাপনা নির্মাণ করলে একাধিকবার নোটিশ দেওয়া হয়। এরপরও ছড়া দখলমুক্ত না করায় সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালাতে বাধ্য হয়। তিনি প্রথম আলোকে বলেন, ২০০৭ সালে একবার ভাঙার পর আবার তৈরি করে দখল অব্যাহত রাখা হয়। ছড়া দখলে কোনো ছাড় নেই। জল্লারপাড়ের এই ছড়ার ক্ষেত্রে দেরি হলেও কোনো ছাড় দেওয়া হয়নি।