ছড়ার মুক্ত অংশ বর্জ্যে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্লিনিক্যাল বর্জ্য, প্লাস্টিকের বোতল, ফোম, পলিথিন, খড়, সুপারির ছোলা—যাবতীয় বর্জ্যে যেন পূর্ণ। এ অবস্থা সিলেট নগর দিয়ে প্রবহমান ছড়াগুলোর একটি মুগনী ছড়ার।
গত শুষ্ক মৌসুমে সিটি করপোরেশনের উদ্যোগে ‘মুক্ত’ করার পর গত কয়েক দিনে এমন হাল। স্থানীয়রা বলছেন, ফাঁকা পেয়েই মুগনী ছড়া বর্জ্যের ভাগাড় বানানো হয়েছে। নগর দিয়ে প্রবহমান দুই কিলোমিটার দীর্ঘ ছড়াটির আধা কিলোমিটার অংশ পড়েছে নগরের ব্যবসায়িক এলাকা কাজীরবাজারে। সেখানকার অবস্থা বর্জ্যে ঠাসা থাকায় বৃষ্টির পানি অতি সহজে সরছে না। এতে ভারী বৃষ্টিতে জলাবদ্ধতার আশঙ্কা করছেন স্থানীয়রা।
ছড়ার আশপাশ এলাকার স্থায়ী বাসিন্দারা জানিয়েছেন, নগরের তালতলা, কাজিরবাজার, শেখঘাট, পূর্ব কাজিরবাজার, পশ্চিম কাজীরবাজার এলাকায় বিভিন্ন নালা-নর্দমা এবং বৃষ্টির পানি প্রবাহিত হয়। গত কয়েক মাস আগে সিটি করপোরেশন খনন ও দখলমুক্ত করে দেওয়ার পর ছড়াটিতে পানির প্রবাহ আরও সচল হয়। তবে খননের কিছুদিন যেতে না-যেতেই পুনরায় ময়লা-আবর্জনায় ছড়াটির সন্মুখভাগ ভরাট হয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, ছড়াটির যে অংশ সুরমা নদীর সঙ্গে সংযুক্ত সেখানকার অন্তত আধা কিলোমিটার অংশে বৃষ্টির পানিতে নগরের বিভিন্ন স্থান থেকে ভেসে আসা নানা ধরনের প্লাস্টিক সামগ্রী ও ক্লিনিক্যাল বর্জ্য, কাজিরবাজার গরুর হাটের উচ্ছিষ্ট খড়, ছড়ার পাশে অবস্থিত প্রায় ১০টির মতো ভাঙারি দোকানের পরিত্যক্ত বর্জ্য স্তরে স্তরে জড়ো হয়ে রয়েছে।
স্থানীয় ভাঙারি ব্যবসায়ী তৈয়ব আলী জানান, নগরের যাবতীয় ময়লা-আবর্জনা ছড়ার এ অংশ দিয়েই সুরমা নদীতে গিয়ে মেশে। তাই পলিথিন ও প্লাস্টিকজাত দ্রব্য এখানে স্তূপ হয়ে থাকায় পানি সরতে পারছে না। দ্রুত এগুলো অপসারণ করে ছড়াটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে না আনতে পারলে পরে একই কাজ করা আরও কঠিন হয়ে পড়বে।
স্থানীয় বাসিন্দারা জানান, বৃষ্টির পানিতে ভেসে ভেসে প্লাস্টিকজাত দ্রব্য ছড়ার সন্মুখভাগে জড়ো হওয়ার পাশাপাশি আরও একটি কারণে ছড়াটি ভরাট হয়েছে। এটি হচ্ছে, কাজিরবাজার এলাকায় নগরের সর্ববৃহৎ গরু বিক্রির হাট এবং কলার হাট অবস্থিত। গরুর বাজারের উচ্ছিষ্ট খড়-আবর্জনা এবং কলার হাটের নষ্ট হওয়া কলা এবং কাদি স্থানীয় ব্যবসায়ীরা ছড়ার মধ্যে ফেলে দিচ্ছেন। এগুলো ছড়ার পানিতে পচে দুর্গন্ধ ছড়ানোয় আশপাশের বাসিন্দাদের ভোগান্তি হচ্ছে।
ছড়ার তীরবর্তী কাজীরবাজার অংশের বাসিন্দা ইদ্রিস আলী বলেন, ‘সারা টাউনওর ময়লা ই-খানও জমে। গরুর বাজারের গোবর আর খেড় (খড়) জইমা গন্ধ বার অয়! আমরার টিকা দায় অই গেছে।’
সিলেটের পরিবেশবাদী স্থানীয় সংগঠন ‘ভূমিসন্তান বাংলাদেশ’-এর সংগঠক বিপ্লব দেব বলেন, জলাবদ্ধতা নিরসনে একটি ছড়া অনেক কার্যকর ভূমিকা পালন করে। সে ক্ষেত্রে কেবল অবহেলা ও সচেতনতার অভাবে ছড়াটির এমন অবস্থা কখনোই কাম্য নয়। ময়লা-আবর্জনা অপসারণ করে দ্রুত ছড়াটির প্রবাহ স্বাভাবিক করে দেওয়া উচিত।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব বলেন, ছড়াটির ময়লা-আবর্জনা কিছুদিন আগেও অপসারণ করা হয়েছিল। পুনরায় এটি ভরাট হয়ে থাকলে দ্রুত অপসারণ করা হবে। তবে আশপাশের মানুষ যেন ছড়ায় ময়লা-আবর্জনা না ফেলে সে ব্যাপারেও সিটি করপোরেশন সচেতনতামূলক ব্যবস্থা নেবে।