ছড়ার মুখ বন্ধ করে কালভার্ট নির্মাণ
মৌলভীবাজারের জুড়ী উপজেলার জুড়ী-ফুলতলা সড়কের রানীমোড়া এলাকায় একটি ছড়ার মুখ বন্ধ করে এর ওপর কালভার্ট নির্মাণ করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় পার্শ্ববর্তী বীরগোয়ালি হাওরে জলাবদ্ধতায় বোরো ধানগাছের চারা তলিয়ে গেছে। এতে এলাকার বোরোচাষিরা দুর্ভোগে পড়েছেন।
সওজ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত মাসের প্রথম দিকে জুড়ী-ফুলতলা, জুড়ী-বড়লেখা ও কুলাউড়া-চাতলাপুর সড়কে পাঁচটি আরসিসি কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়েছে। প্রায় চার কোটি টাকা ব্যয়ে এ কাজ পেয়েছে কুমিল্লার মেসার্স এমডিএইচবি নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে জুড়ী-ফুলতলা সড়কের ভবানীপুর, রানীমোড়া ও সাগরনাল এলাকায় তিনটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে।
এলাকার কয়েকজন জানান, রানীমোড়ায় বীরগোয়ালি ছড়াটি বীরগোয়ালি হাওর থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী জুড়ী নদীতে গিয়ে পড়েছে। শুরুতে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন ছড়ার ওপরের পুরোনো সেতু ভেঙে এর পাশে মাটি ফেলে যান চলাচলের জন্য বিকল্প সড়ক নির্মাণ করেন। এরপর পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখেই ছড়ার মুখ বন্ধ করে কালভার্ট নির্মাণের কাজ শুরু হয়। এর ফলে বীরগোয়ালি হাওরে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
সরেজমিনে গত ২৮ ডিসেম্বর বিকেলে দেখা গেছে, হাওরে বোরো ধানের বীজতলার চারা তলিয়ে গেছে। স্থানীয় খাসকিত্তা গ্রামের বাসিন্দা নিমাই রিকমন, প্রেমলাল রিকমন, জামাল হোসেনসহ ১৫-২০ জন বোরোচাষি জানান, বীরগোয়ালি হাওরে প্রায় ৫০০ একর জমিতে বোরো আবাদ হয়। ছড়ার মুখ বন্ধ করার সময় এলাকাবাসীর পক্ষ থেকে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের কাছে আপত্তি জানানো হয়। পরে পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিতেও অনুরোধ করা হয়। কিন্তু তাঁরা তাতে সাড়া দেননি। ইতিমধ্যেই বেশ কিছু বীজতলার চারা নষ্ট হয়ে গেছে।
চাষিরা উদ্বেগের সঙ্গে জানান, দ্রুত পানি নিষ্কাশন করা না গেলে চারা রক্ষা করা সম্ভব হবে না। এতে বোরো আবাদ ব্যাহত হবে।
এ ব্যাপারে জানতে চাইলে ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট প্রকৌশলী তোফাজ্জল আহমেদ জানান, তিনি দুই-তিন দিন হয় কাজ তদারক করছেন। কালভার্ট নির্মাণের নকশায় পানি নিষ্কাশনের ব্যবস্থা আছে কি না তা তাঁর জানা নেই।
সওজ কুলাউড়া কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী মো. গোলাম রসুল গতকাল শনিবার বলেন, তিনি গতকাল ওই এলাকা পরিদর্শন করেছেন। নকশায় পানি নিষ্কাশনের ব্যবস্থা রাখার কথা বলা আছে। কালভার্টের ভিত্তি স্থাপনের জন্য ছড়ার মুখ আটকে রাখা হয়। তবে বোরোচাষিদের দুর্ভোগ লাঘবে ঠিকাদারের উদ্যোগে তিন-চার দিন ধরে পাম্পের সাহায্যে পানি নিষ্কাশনের কাজ চলছে।