ছড়া-কবিতায় তনুর জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তনু হত্যাকাণ্ড
তনু হত্যাকাণ্ড

‘তনু আমার কন্যা/ তনু আমার চোখের ভেতর/ অহর্নিশ কান্না/ বুকের ভেতর স্নেহমাখা/ ভালোবাসার বন্যা/...।’ এমন আবেগঘন ও প্রতিবাদী কবিতা-ছড়া লেখা ফেস্টুন ঝুলছে কুমিল্লা মহিলা মহাবিদ্যালয় প্রাঙ্গণে। সোহাগী জাহান তনুর প্রতিকৃতি-সংবলিত ফেস্টুনটির দিকে নজর সবার।
নববর্ষের দিন গত বৃহস্পতিবার ওই মহাবিদ্যালয় প্রাঙ্গণে পয়লা বৈশাখের অনুষ্ঠানে কুমিল্লার সাংস্কৃতিক সংগঠন ‘আমরা জ্যোৎস্নার প্রতিবেশী’ এ ফেস্টুন স্থাপন করে। তাতে লেখা ‘জাস্টিস ফর তনু’। কুমিল্লায় পয়লা বৈশাখ উদ্‌যাপনটাই হয়ে ওঠে তনুময়।
কুমিল্লা সাংস্কৃতিক জোট ওই উৎসবস্থলের প্রবেশদ্বারে তনুর ছবিসহ বিশাল ব্যানার টানিয়ে দেয়। সেখানেও প্রতিবাদী কবিতা। গতকাল শুক্রবার উৎসবের শেষ দিনেও ওই ব্যানার ও ফেস্টুন লাগানো ছিল। এই দুই দিনে সেখানে যাঁরা পঙ্‌ক্তিগুলো পড়েছেন, তাঁদের অনেককে চোখের পানি ফেলতে দেখা যায়।

বৃহস্পতিবার বেলা ১১টায় সেখানে কাঁদছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের কয়েকজন শিক্ষার্থী। তাঁদের একজন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতকের শিক্ষার্থী আমিনুল ইসলাম বলেন, ‘বেঁচে থাকলে তনু এ অনুষ্ঠানে আজ আসত। সে নেই,  ভাবতেই কষ্ট হচ্ছে।’

কুমিল্লা সাংস্কৃতিক জোটের সমন্বয়কারী ও অধুনা থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি শহীদুল হক স্বপন বলেন, এবারের উৎসব তনুকে উৎসর্গ করা হয়।

মামলার তদন্তের অবস্থা: পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) বিশেষ পুলিশ সুপার মো. নাজমুল করিম খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘মামলার তদন্তকাজ চলছে। এ পর্যন্ত ৩৫-৪০ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আরও অন্তত ৩০ জনকে জিজ্ঞাসাবাদ করা হবে। তনুকে হত্যা করা হয়েছে, এটা নিশ্চিত। কীভাবে খুন করা হয়েছে, হত্যাকাণ্ডে কতজন ছিল, তা দেখা হচ্ছে।’

ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী তনুর লাশ ময়নামতি সেনানিবাসের পাওয়ার হাউসের অদূরে জঙ্গলে গত ২০ মার্চ রাতে পাওয়া যায়।