ছত্রাক রোগ প্রতিরোধী আলুর দুটি জাতের পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছত্রাক রোগ প্রতিরোধী আলুর দুটি জাতের পরীক্ষা চালিয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের খাটুরিয়া সেন্টারপাড়া গ্রামে গত শুক্রবার বিকেলে মাঠপর্যায়ে আলুর লেট ব্লাইট রোগ প্রতিরোধী জাত পরিদর্শনকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তারা এ তথ্য জানান।
ওই দুটি জাতের আলুর আবাদ সম্প্রসারিত হলে কৃষকেরা লাভবান হওয়ার পাশাপাশি পাঁচ শতাধিক কোটি টাকার ছত্রাকনাশক আমদানি কমবে।
গত বছর ও চলতি মৌসুমে কোনো ধরনের ছত্রাকনাশক ব্যবহার না করে ‘অ্যালুয়েট’ ও ‘ক্যারোলাস’ নামের ওই দুই জাতের আলুর মাঠপর্যায়ে পরীক্ষামূলক চাষ করে এর সত্যতা পেয়েছে ওই ইনস্টিটিউটের পঞ্চগড়ের দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র।
সরেজমিনে শুক্রবার বিকেলে খাটুরিয়া সেন্টারপাড়া গ্রামে দেখা যায়, ছোট ছোট প্লটে একই জমির কিছু সারির আলুগাছ মরে গেছে লেট ব্লাইট রোগে, আবার কিছু সারির আলুগাছ রয়েছে তরতাজা। এ সময় জানা যায়, একই জমিতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পঞ্চগড়ের দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্র অন্য জাতের আলু ও নতুন দুটি জাতের আলু লাগিয়ে ছত্রাকনাশক ব্যবহার করেনি। অন্য জাতের আলু লেট ব্লাইট রোগে আক্রান্ত হলেও অ্যালুয়েট ও ক্যারোলাস লেট ব্লাইটে আক্রান্ত হয়নি।
কৃষি গবেষণা ইনস্টিটিউটের দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আশীষ কুমার সাহা বলেন, লেট ব্লাইট আলুর একটি মারাত্মক রোগ। এ রোগে দেশে প্রতিবছর গড়ে শতকরা ৩০ ভাগ আলুর ফলন হ্রাস পায়। গাছের বৃদ্ধির প্রাথমিক পর্যায়ে এ রোগ দেখা দিলে শতকরা ৮০ ভাগের বেশি হ্রাস পাওয়ার সম্ভাবনা থাকে। আলুর এই রোগ নিয়ন্ত্রণে প্রতিবছর পাঁচ হাজার টনের অধিক ছত্রাকনাশক ব্যবহার করতে হয়। ওই ছত্রাকনাশকের মূল্য ৫০০ কোটি টাকার অধিক, যা সম্পূর্ণ আমদানিনির্ভর। গত বছর অ্যালুয়েট ও ক্যারোলাস নামের দুটি জাতের আলুর প্রথম পরীক্ষায় ভালো ফল পাওয়ার পর এ বছরও পরীক্ষামূলকভাবে লাগানো হয়েছে। দুই বছরের পরীক্ষার ফলাফলে দেখা গেছে, ছত্রাকনাশক ছাড়াই ওই দুটি জাতের আলুর ফলন ভালো পাওয়া যাচ্ছে। লেট ব্লাইট আক্রমণ করতে পারছে না। লেট ব্লাইট প্রতিরোধী ক্ষমতাসম্পন্ন এই আলুর জাত দ্রুত কৃষকদের মাঝে সম্প্রসারিত করা হলে ছত্রাকনাশক ব্যবহারের হার হ্রাস পাবে, পরিবেশদূষণ রোধ হবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে, বাজারে স্বাস্থ্যসম্মত আলু সরবরাহ নিশ্চিত হবে। মালিক অ্যান্ড কোম্পানি প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান হল্যান্ড থেকে ওই আলুর বীজ এনেছে।
দেবীগঞ্জ প্রজনন বীজ উৎপাদন কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আবিদ হোসেন বলেন, প্রতিবছর দেশে প্রায় পাঁচ লাখ হেক্টর জমিতে আলু চাষ হয়। অতিমাত্রায় লেট ব্লাইট-সহনীয় ওই দুটি জাতের আলুর আবাদ ছড়িয়ে পড়লে দেশে ছত্রাকনাশক আমদানি করতে হবে না। এতে ৫০০ কোটি টাকার বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।