ছত্রাকের আক্রমণে গমখেত নষ্ট, দিশেহারা কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় খেতের গম ছত্রাকে নষ্ট হয়ে যাচ্ছে। অসময়ে হওয়া বৃষ্টির কারণে গমে এ রোগ দেখা দিয়েছে। এদিকে গম চাষের খরচের টাকা উঠাতে না পেরে কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছেন।
সম্প্রতি ভোলার কয়েকটি উপজেলা ঘুরে দেখা যায়, কাঁচা গাছে গম শুকিয়ে গায়ে কালো ছত্রাক জমে গেছে। সব থোড় চিটা হয়ে গেছে। গমের ছড়া হাতে নিয়ে চাপ দিলে গমের গুঁড়া বেরিয়ে আসে। মুখে দিলে আঁশটে গন্ধ পাওয়া যায়। আর এর স্বাদ কাদা কাদা। গমের দানা পুষ্ট না হওয়ায় এই অবস্থা।
এলাকার অর্ধশত কৃষক জানান, গত ফেব্রুয়ারি মাসের ২৪ ও ২৫ তারিখে বৃষ্টি হয়। তারপর রোদ উঠলে গমের ছড়া বা থোড় শুকাতে থাকে। একসময় থোড়ের গায়ে ছত্রাক জমতে শুরু করে। বেসরকারি সংস্থা গ্রামীণ জন-উন্নয়ন সংস্থার কারিগরি কর্মকর্তা (কৃষি) আনিসুর রহমান বলেন, গমের পরাগায়নের সময় তুমুল বৃষ্টি হয়। বৃষ্টির পানি গমের শিষে জমায় পরাগায়নের ক্ষমতা নষ্ট হয়ে গেছে। এরপর রোদের তাপে দিন দিন শুকিয়ে গেছে গমের শিষ। মাঠের পর মাঠ গমখেত শুকিয়ে গেছে। গমের আবাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় গমের ফলন বিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভোলার খামারবাড়ির তথ্যমতে, ভোলায় ৯ হাজার ৭৮০ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। গত বছর ৩ হাজার ৪৮৩ হেক্টর জমিতে গমের আবাদ হয়েছিল।
কৃষকেরা বলেন, বোরো আবাদে বারবার ক্ষতির শিকার হয়ে তাঁরা এবার গম চাষে লাভের আশা করেছিলেন। বিগত বছরের মতো গমের বাম্পার ফলনের আশায় বেশি বেশি জমিতে আবাদ করে এখন তাঁদের মাথায় হাত।
সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের পশ্চিম চরকালি গ্রামের তোফায়েল আহমেদ বলেন, তিনি ১ একর ২২ শতাংশ জমিতে গম বুনেছেন। সেচ, চাষ, সার, বীজ, শ্রমসহ কমপক্ষে ২০ হাজার টাকা খরচ হয়েছে। কিন্তু এক কেজি ফসলও ঘরে তুলতে পারেননি। কৃষি অফিস তাঁকে নষ্ট হয়ে যাওয়া গমখেত পুড়িয়ে দিতে বলেছে। এ কাজের জন্য শ্রমিকদের যে টাকা দেবেন, সেটাও তাঁর কাছে নেই। কথাগুলো বলে কেঁদে দেন তিনি। তোফায়েলের মতো অবস্থা এখন জেলার অন্য গমচাষিদের।
ভেদুরিয়ার গমচাষি মিন্টু, রুবেল, মো. ইব্রাহীম, মো. জুয়েল, পশ্চিম ইলিশা ইউনিয়নের পাঙ্গাশিয়ার মো. বাবুল, বশির আহমেদ, মো. কালুবাঘা, মো. মিলনসহ অনেকে বলেন, সমস্যা দেখা দেওয়ার পর ওষুধ বিক্রেতারা কৃষকদের ওষুধ প্রয়োগেরও পরামর্শ দেন। বাড়তি আরও শত শত টাকার ওষুধ ব্যবহার করেও কোনো কাজ হয়নি।
দৌলতখান উপজেলার মদনপুরের কৃষক জাহাঙ্গীর আলম ও ফারুক দৌলত বলেন, বৃষ্টি ও বাতাসের কারণে গমের ফুল নষ্ট হয়ে গেছে। এ জন্য গমে দানা বাঁধতে পারেনি। রোদে গমখেত শুকিয়ে যাচ্ছে। খরচের এক টাকাও তুলতে পারবেন না তাঁরা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ভোলার উপপরিচালক প্রশান্ত কুমার সাহা বলেন, দক্ষিণাঞ্চলের সব স্থানেই এ সমস্যা দেখা দিয়েছে। জয়পুরহাট থেকে বিশেষজ্ঞ দল এসেছে ভোলার খেতের শুকিয়ে যাওয়া গম দেখতে। তাঁরা বলেছেন, গমে ছত্রাকের আক্রমণে নতুন করে ‘ব্লাস্ট’ রোগ দেখা দিয়েছে। বৃষ্টি এ রোগের অনুকূলে থাকায় রোগ বেড়েছে। আগে কখনো গমে এমন রোগের আক্রমণ দেখা যায়নি। তিনি জানান, বিশেষজ্ঞরা বলেছেন ব্লাস্ট রোগে আক্রান্ত খেত বাদে ভালো খেতের বীজ সংরক্ষণ করতে। আক্রান্ত খেতের গম পুড়িয়ে দিলে ভালো হয়। ওই খেতে বীজ বপন করলে পরবর্তীকালে আবারও আক্রান্ত হতে পারে।