ছদ্মবেশী রোগী পাঠিয়ে ভুয়া চিকিৎসক আটক
নিজেকে ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দিয়ে চেম্বার খুলে উচ্চ হারে ফি আদায় করছিলেন তিনি। অখ্যাত চিকিৎসাকেন্দ্রে (ক্লিনিক) রোগীদের অস্ত্রোপচারও করছিলেন। গত মঙ্গলবার রোগীর ছদ্মবেশে কয়েকজনকে পাঠিয়ে হাতেনাতে তাঁকে ধরে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বগুড়া শহরের মফিজ পাগলার মোড়ের ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে ওই অভিযান চালানো হয়। সেখান থেকে আশরাফ আলী নামের কথিত ওই চিকিৎসককে আটক করা হয়। নির্বাহী হাকিম তায়েব-উর-রহমান অভিযানে নেতৃত্ব দেন।
নির্বাহী হাকিম বলেন, মঙ্গলবার সন্ধ্যায় পরিচিত তিনজনকে রোগী সাজিয়ে ওই ভুয়া চিকিৎসকের চেম্বারে পাঠানো হয়। রোগী দেখার পর তিনি ৫০০ টাকা ফি দাবি করেন। ব্যবস্থাপত্রে তিনি নিজেকে ডা. আশরাফ উল্লেখ করেন। চিকিৎসক না হয়েও নিজেকে ডিগ্রিধারী চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে তাঁকে আটক করে কারাগারে পাঠানো হয়।
আদালত-সংশ্লিষ্ট ও বিএসটিআই সূত্র জানায়, একই দিন দইয়ে উৎপাদনের তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, মেয়াদবিহীন রসমালাই বিক্রি এবং অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখায় বগুড়ার নামকরা প্রতিষ্ঠান এশিয়া সুইটসকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া শহরের জলেশ্বরীতলার শহীদ আবদুল জোব্বার সড়কে বারবিকিউ ও ফাস্টফুড বিক্রেতাপ্রতিষ্ঠান ‘ফুড পার্কে’ নোংরা পরিবেশ, পচা খাবার বিক্রি, ফ্রিজে পচা মুরগি সংরক্ষণ, অনুমোদনহীন কেক বিক্রি এবং খাদ্যের মূল্যতালিকা টাঙিয়ে না রাখায় এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একই দিন কলোনি বাজারের চিটাগাং মাহি ও চিটাগাং নূর হোটেল, জলেশ্বরীতলার চেইনশপ ‘টাচ অ্যান্ড টেক’, শিশুখাদ্য বিক্রেতাপ্রতিষ্ঠান ভিনটেজ ওয়ার্ল্ড ও শাজাহানপুর উপজেলার বীরগ্রামের মেঘা বেকারিকেও জরিমানা করা হয়।
নির্বাহী হাকিম বলেন, এশিয়া সুইটস প্রতিদিন বিপুল পরিমাণ দই ও মিষ্টি বিক্রি করে থাকে। প্রতিষ্ঠানটি দই-মিষ্টি বিক্রির জন্য বেশ নামকরা হলেও পণ্যের মান নিশ্চিত করছে না। এ ছাড়া ফুড পার্কেও চরম অস্বাস্থ্যকর পরিবেশ ও অরাজক চিত্র দেখা গেছে।