ছদ্মবেশে অনিয়ম ধরে জরিমানা করলেন আদালত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরের রূপসা খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায় ও যাত্রী হয়রানির দায়ে ঘাটের টোল ব্যবস্থাপককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে আর কোনো দিন এমন কাজ করবেন না মর্মে স্বীকারোক্তিও নেওয়া হয় তাঁর কাছ থেকে।

আজ সোমবার খুলনা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম আতিকুল ইসলামের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

নির্বাহী হাকিম আতিকুল ইসলাম জানান, ওই ঘাট নিয়ে যাত্রীদের অভিযোগ ছিল দীর্ঘদিনের। কেউ হাতে সামান্য কিছু নিয়ে ওই ঘাট দিয়ে পার হতে গেলেই বিড়ম্বনায় পড়তে হতো। নিয়মবহির্ভূতভাবে জোর করে যাত্রীদের কাছ থেকে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত আদায় করা হতো। কেউ তা দিতে না চাইলে শারীরিকভাবেও লাঞ্ছিত হতে হয়েছে। ঘাট পার হওয়া যাত্রীদের অভিযোগের ভিত্তিতে আজ সোমবার দুপুরে রূপসা খেয়াঘাটে ছদ্মবেশে দুজন যুবককে দুটি ছোট বাক্স রেপিং পেপারে মুড়িয়ে পাঠানো হয়। ওই ছদ্মবেশী যুবকদের কাছ থেকে জোর করে আদায় করা হয় ২০ টাকা। এ সময় তাঁদের সঙ্গে খারাপ ব্যবহারও করেন টোল আদায়কারীরা। একইভাবে ওই সময় উপস্থিত আরেক যাত্রীর কাছ থেকে একটি প্রেশার কুকার নেওয়ার জন্য ৩০ টাকা চাঁদা আদায় করা হয়। এসব কারণে আজ ওই ঘাটের টোল ব্যবস্থাপক মো. শাহিনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

খুলনা সিটি করপোরেশন (কেসিসি) সূত্রে জানা গেছে, কেসিসি অনুমোদিত টোল রেট অনুযায়ী ওই ঘাটের জন্য প্রতিটি প্রাপ্তবয়স্ক মানুষের টোল ১ টাকা, একজন মানুষের বহন উপযোগী ব্যাগ বা বস্তাসহ মালামালের টোল ২ টাকা, সাইকেলের টোল ৫ টাকা ও মোটরসাইকেলের ১০ টাকা। খুলনার সবচেয়ে ব্যস্ততম এই ফেরি ঘাটের বর্তমান মালিকানা কেসিসির। প্রতিবছর নতুন করে ঘাটটি ইজারা দেওয়া হয়। বাংলা ১৪২২ বঙ্গাব্দে ৫৫ লাখ ১০০ টাকায় ঘাটের ইজারা পেয়েছেন মো. সাইফুল ইসলাম। প্রতিদিন ওই ঘাট দিয়ে ২০ থেকে ২৫ হাজার মানুষ পারাপার করে।

এ ছাড়া এদিন নগরের ফুলবাড়ী গেট এলাকায় অবস্থিত লতিফ ফুড প্রডাক্টসকে বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার করে বিভিন্ন নামে সেমাই বাজারজাত করার দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতের এসব অভিযানে খুলনা সিটি করপোরেশনের সিনিয়র ভেটেরিনারি সার্জন মো. রেজাউল করিম, বিএসটিআইয়ের প্রতিনিধি, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ও মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।