ছদ্মবেশে মাদক চোরাচালান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বছরের জানুয়ারির কোনো একদিন। সাতক্ষীরার সীমান্ত এলাকা থেকে বেলা সাড়ে ১১টার দিকে দুটি মোটরসাইকেল খুলনার উদ্দেশে ছেড়ে আসে। এগুলোর আসনের নিচে ১০ বোতল ফেনসিডিল ও ৪৫টি করে ইয়াবা বড়ি ছিল। একটি গাড়ির সামনে সাংবাদিক ও অন্যটির সামনে জরুরি ওষুধ লেখা স্টিকার সাঁটানো ছিল। ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া বাসস্ট্যান্ড এসে জরুরি ওষুধ লেখা মোটরসাইকেলটি খুলনার ফুলতলা উপজেলার দিকে রওনা হয়। আর সাংবাদিক লেখা মোটরসাইকেলটি খুলনার দিকে চলে আসে।

খুলনা নগরের প্রবেশপথ হিসেবে পরিচিত জিরো পয়েন্টে পৌঁছালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মোটরসাইকেলটি থামিয়ে আরোহীর কাছে পরিচয়পত্র দেখতে চান। কিন্তু তা দেখাতে না পারায় শুরু হয় তল্লাশি। মোটরসাইকেল ধরে ঝাঁকুনি দিলে একটি ফেনসিডিলের বোতল ছিটকে নিচে পড়ে। পরে আসন খুললে এর নিচে সারিবদ্ধভাবে রাখা ফেনসিডিলের বোতল ও ইয়াবা বড়ি পাওয়া যায়। পরে তাঁরা ওই আরোহীকে গ্রেপ্তার করেন।

গত ৩১ জুলাই এভাবেই মাদক পরিবহনের অভিজ্ঞতার বর্ণনা দিচ্ছিলেন খুলনা নগরের কাস্টম ঘাট এলাকার মাদক ব্যবসায়ী মনির হোসেন (ছদ্ম নাম)। তিনি জানান, জেলায় মাদক ব্যবসায়ীদের ১০০টি চক্র সক্রিয়। এসব চক্রের সদস্যরা নানা কৌশলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভোমরা ও বেনাপোল বন্দর থেকে মাদক নিয়ে আসে। কখনো ওষুধ বিপণনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, কখনো সাংবাদিক, আবার কখনো ভিক্ষুক সেজে ব্যবসায়ীরা মাদক আনছে। খুলনা নগরে প্রতি মাসে ২০০ গ্রাম হেরোইন, ২০-২৫ কেজি গাঁজা, ফেনসিডিলের এক হাজার ২০০টি বোতল এবং এক হাজার ২০০ থেকে এক হাজার ৫০০টি ইয়াবা বড়ি ঢুকছে। নগরের শতাধিক স্থানে মাদক বিক্রি হচ্ছে।

মাদক ব্যবসায়ীরা জানান, নগরের মাদকাসক্ত ব্যক্তিদের কাছে আবার ভিন্ন কৌশলে মাদক সরবরাহ করা হয়। শিক্ষার্থী, পাগল ও হকার সেজে মাদক পৌঁছে দেওয়া হয়। মাদক বহনের কাজে শিশু, কিশোর ও নারীদের ব্যবহার করা হচ্ছে।

গত ২৬ জুলাই খোড়ারবস্তি এলাকায় গিয়ে দেখা যায়, একটি খুপরিতে একজন লোক বসে আছেন। কয়েকজন তরুণ ওই লোকের হাতে টাকা গুঁজে দিচ্ছেন। কিছুক্ষণ পর ওই লোক খুপরির ভেতর থেকে গাঁজার পুরিয়া এনে তাঁদের হাতে তুলে দেন। পরদিন রাত আটটার দিকে নতুন বাজারে গিয়ে দেখা যায়, একটি খুপরির মাচার ওপর এক মাঝবয়সী লোক বসে আছেন। মাচার নিচে বিভিন্ন পণ্যের ছোট-বড় কার্টন ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। হঠাৎ চার তরুণ সেখানে ঢুকে তাঁর হাতে টাকা দেন। তিনি কার্টনের ভেতর থেকে ফেনসিডিলের চারটি বোতল বের করে এনে তাঁদের হাতে তুলে দেন।

রেলস্টেশন এলাকার এক কিশোর বলে, ‘আমরা সকালে কমিউটার ট্রেনে বেনাপোল চলে যাই। সেখানে থাকা ব্যবসায়ীদের কাছ থেকে গাঁজা ও ফেনসিডিল নিই। ফেনসিডিল কোমরে বাধি আর গাজা ট্রেনের জানালার ফাকে রাখি। রেলস্টেশনে আসার আগে নেমে পড়ি। রাতে বড় ভাইরা ফোন দিলে আমরা মাল দিয়ে আসি।’

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন আজাদ জানান, মাদক ব্যবসায়ীরা প্রতিদিনই নতুন নতুন কৌশল অবলম্বন করছে। তবে পুলিশ মাদক ব্যবসা বন্ধ করার ব্যাপারে তৎপর রয়েছে।

খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক রফিকুল ইসলাম জানান, জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০৭ গ্রাম হেরোইন, এক হাজার ৯৩২ বোতল ফেনসিডিল, ৬৭ কেজি গাঁজা, ৯৫টি ইয়াবা বড়ি ও ১০৬ বোতল বিদেশি মদ জব্দ করা হয়েছে। এ সময়ে মাদক বিক্রির অভিযোগে ৩৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।