ছন্দে, সুরে, তালে চট্টগ্রামে বর্ষবরণ
নাচের ছন্দে, সংগীতের সুরে, ঢোলের তালে চট্টগ্রামে নানা আয়োজনে বর্ষবরণ উদ্যাপিত হয়েছে। নগরের প্রতিটি অনুষ্ঠানে ছিল মানুষের ঢল।
গত মঙ্গলবার পয়লা বৈশাখে বর্ষবরণে নগরের প্রধান কয়েকটি আয়োজন ছিল ডিসি হিল, সিআরবি শিরীষতলা, শিল্পকলা একাডেমী, অভয় মিত্র ঘাট এলাকায়। ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। দিনভর নাচ, গান, আবৃত্তি পরিবেশিত হয় উৎসব মঞ্চে।
পথে পথে ছিল রংতুলি হাতে আঁকিয়েরা। ‘স্বাগত ১৪২২’ বা ‘শুভ নববর্ষ’ লেখা এঁকেছেন কারও কপালে কারও বা চিবুকে-বাহুতে। বর্ণিল সাজে উৎসবে শামিল হওয়া নারী-পুরুষ ঘুরেছে এক অনুষ্ঠানস্থল থেকে অন্যটিতে। নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি পান্তা-ইলিশ খেতেও দেখা গেছে অনেককে। উৎসব এলাকার পথের পাশে বসে হরেক রকম পণ্যের পসরা। কারুপণ্য ছাড়াও ঢোল, ডুগডুগি, একতারা, পাখা, শোলার ফুল-পাখি, বাঁশি থেকে রঙিন কাচের চুড়ি, আইসক্রিমসহ মুখরোচক নানা খাবার পথচারীদের মন ভরিয়েছে।
সম্মিলিত পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদের উদ্যোগে ডিসি হিলে সকাল ছয়টায় অনুষ্ঠান শুরু হয় ওস্তাদ ক্যাপ্টেন আজিজুল ইসলামের বাঁশির সুরে সুরে। এরপর বিভিন্ন সংগঠন দলীয় সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। একক শিল্পীদের মধ্যে অপু বর্মণ, কার্তিক মজুমদার, কেয়া দাশ, ইউসুফ টুটুল প্রমুখ সংগীত পরিবেশন করেন।
প্রচণ্ড ভিড় ছিল সিআরবি শিরীষতলায় বর্ষবরণ উৎসবে। সেখানে সকাল থেকে নানা আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান চলে। গাছের ছায়ায়, পাহাড়ের খাঁজে, পিচঢালা কালো পথে ছিল মানুষের পদচারণ। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ নতুন বছরকে বরণ করতে ভিড় জমান। শিরীষতলায় নববর্ষের আয়োজনের মধ্যে আরেকটি আকর্ষণ ছিল বলীখেলা। সাহাবুদ্দিনের বলীখেলা নামে পরিচিত এই খেলা বাড়তি আনন্দ দেয় আগতদের।
নগরের অভয় মিত্র ঘাট এলাকায় তারুণ্যের বৈশাখ শিরোনামে অনুষ্ঠিত হয় নববর্ষের আরেকটি আয়োজন। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ছিল রাজীব বসাকের জাদু প্রদর্শনী। বাদ পড়েনি বৈশাখী ফ্যাশন শোও। কর্ণফুলী নদীর তীরের এই আয়োজন এই প্রথমবার অনুষ্ঠিত হয়েছে।
এ ছাড়া বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চবিদ্যালয়, শিল্পকলা একাডেমী, চারুকলা ইনস্টিটিউট, শিশু শিক্ষাপ্রতিষ্ঠান ফুলকিতে পয়লা বৈশাখেও ছিল নানা আয়োজন। শিল্পকলা একাডেমীতে জেলা প্রশাসনের উদ্যোগে দুপুরে পান্তা-ইলিশের আয়োজন করা হয়।
বাঙালির চিরায়ত উৎসব পয়লা বৈশাখকে স্বাগত জানাতে প্রতিবারের মতো এবারও মঙ্গল শোভাযাত্রা বের করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। নগরের বাদশা মিয়া সড়ক থেকে বের হওয়া এই শোভাযাত্রার মূল আকর্ষণ ছিল হাতি, ঘোড়া, বাঘ, প্যাঁচা ইত্যাদির আদলে তৈরি ম্যুরাল ও মানুষের মুখোশ। শোভাযাত্রায় গান, আর ঢোলের তালে তালে নেচেছে অংশগ্রহণকারীরা। বর্ণাঢ্য শোভাযাত্রাটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার চারুকলায় এসে শেষ হয়।
ডিসি হিল ও সিআরবি এলাকার বর্ষবরণ উৎসবকে কেন্দ্র করে নগরের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ করে দেয় পুলিশ। কাজীর দেউড়ি থেকে এনায়েত বাজার মোড় পর্যন্ত এক কিলোমিটার, চেরাগী পাহাড় থেকে বোস ব্রাদার্স পর্যন্ত এক কিলোমিটার সড়ক বন্ধ করে দেওয়া হয়। তার পরও উৎসবস্থলে মানুষের ভিড় ছিল সবচেয়ে বেশি।
নববর্ষ উপলক্ষে নগরের পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকা, ফয়’স লেক অ্যামিউজমেন্ট পার্ক, চিড়িয়াখানাসহ বিভিন্ন পার্কেও ছিল মানুষের উপচে পড়া ভিড়।