ছন্দের ব্যঞ্জনায় সুরের মূর্ছনায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুতেই নাচ। ‘ছাতা ধর হে দেওরা’ গানে নাচ পরিবেশন করেন রেনোয়া ও রাশিন। এর পরপরই সেঁজুতির কণ্ঠে গান, ‘বাড়িয়ে দাও, তোমার হাত...।’ মিলনায়তনজুড়ে হাততালি, শিসধ্বনি আর চিৎকার। অনুষ্ঠানের মূলমন্ত্রেরই আরেকবার প্রতিধ্বনি, ‘ছন্দের ব্যঞ্জনায়, সুরের মূর্ছনায়’।
বর্ণাঢ্য আয়োজনে গতকাল বৃহস্পতিবার শেষ হলো দুদিনব্যাপী ‘প্রথম আলো-শেল্টেক্ আন্তবিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক উৎসব’। সমাপনী দিনে সাংস্কৃতিক পরিবেশনা করেন ‘মূর্ছনা: বুয়েট’-এর সদস্যরা। সাংস্কৃতিক সংগঠনটির অর্ধশতাধিক শিল্পীর অংশগ্রহণে ছিল ৩০টির মত দলগত ও একক পরিবেশনা। এর মধ্যে নিজেদের লেখা, নিজেদের সুর করা গানও ছিল, যা দর্শকদের মাতিয়ে রাখে।
উৎসব উপলক্ষে বুয়েট মিলনায়তনের নিচতলা দর্শকপূর্ণ। প্রধান অতিথির বক্তব্যে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বললেন, ‘ধারণা ছিল, বুয়েটের ছেলেমেয়েরা পড়াশোনা নিয়ে এত ব্যস্ত থাকেন, তাঁরা সাংস্কৃতিক অনুষ্ঠানে আসবেন, এত সময় কোথায়? কিন্তু এমন দর্শকপূর্ণ ও ভালো অনুষ্ঠান দেখে অতীতের সাহস-উৎসাহ ফিরে পেলাম।’
তবে হতাশার কথা শুনিয়ে মতিউর রহমান বলেন, দেশ নিশ্চয়ই এগিয়ে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পরিবেশ, শিক্ষার মান, পুস্তিকা-প্রকাশনা, সেমিনার, আলোচনা—এসব ক্ষেত্রে পিছিয়ে না গেলেও কোথায় যেন আটকে আছে। তিনি বলেন, প্রত্যেকেরই সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া দরকার। কেউ যদি গান না করেন, নাচ না দেখেন, উপন্যাস না পড়েন, চিত্রকলা না বোঝেন, স্থাপত্য না জানেন, তবে কী হবে?
বিশেষ অতিথির বক্তব্যে বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক মো. এহসান বলেন, বুয়েটে শিক্ষার্থীরা পড়েন প্রকৌশলী হওয়ার জন্য। কিন্তু তাঁর প্রায়োগিক ক্ষেত্র হচ্ছে সমাজ। তাই সমাজকে বোঝা প্রয়োজন। মননশীল প্রকৌশলী হিসেবে গড়ে উঠতে হলে সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রয়োজন।
ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক দেলোয়ার হোসেন বলেন, শিক্ষার্থীদের কাছে পড়াশোনা হওয়া উচিত প্রথম অগ্রাধিকার। কিন্তু খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায়।
বক্তৃতাপর্ব শেষে আবারও একটা করে গান, একটা নাচ—এভাবেই উৎসব এগিয়ে যায়। উৎসবের প্রথম দিন বুধবার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক বিশ্ববিদ্যালয় ও ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।