ছন্নছাড়া বাহাদুরের নতুন ‘সংসার’

নলিয়ান বাজার থেকে কেনা ট্রাঙ্কের ডালায় লেখা হয়েছে নাম ।ছবি-সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি ট্রাঙ্কের গর্বিত মালিক হওয়ার পর মুহূর্তে বাহাদুর।
ছবি-সংগৃহীত

খুলনার দাকোপের নলিয়ান বাজারে বুধবার সকালে এক ট্রাঙ্কের ডালায় লেখা হয়েছে ‘বাহাদুর’। কেনার পরপরই ১০ বছর বয়সী ট্রাঙ্ক মালিক আবদার করেছে, নাম লিখে দিতে। আসল না হলেও ভালোবেসে পাওয়া এ নামটা ওর প্রিয়। ডালা খুলতেই দেখা গেছে ভেতরে সাজানো জামা, বিস্কুটের প্যাকেট, হলুদ প্লাস্টিকের এক আয়না, শ্যাম্পুর কয়েকটা মিনি প্যাকেট, চিরুনির সঙ্গে ছোট্ট একটা লাল গামছা। সংসারের নতুন জিনিসপত্রের সঙ্গে নিজের ছবি তুলে দিতে বলে প্রশস্ত হাসি দিয়েছে বাহাদুর।

ভিডিওকলের মাধ্যমে রাজধানী বসেও সে দৃশ্যের সাক্ষী হলাম আমরা। তবে এ আনন্দ যাঁকে দেখাতে পারলে সবচেয়ে বেশি ভালো লাগত সে মানুষ হারিয়ে গেছেন ওর জীবন থেকে। তাঁর অনুপস্থিতিই হয়তো বাহাদুরকে শিখিয়েছে, আনন্দ বাড়ে সবার সঙ্গে ভাগ করে নিলে। চার মাস নিখোঁজ থাকার পর বাহাদুর এ মাসের ৮ তারিখে ফিরেছে কালাবগীর বাড়িতে।

এই ওর নতুন রঙিন সংসার।
ছবি-সংগৃহীত

দেড় বছর আগে আম্পান ঝড়ের দিন ঘরবাড়িসহ গ্রাম ডুবে যাওয়ার ভয় পেয়েছিলেন মমতাজ। তিন সন্তানের মা মমতাজের অপুষ্ট শরীর আতঙ্ক সহ্য করতে পারেনি।

ফকিরকোনার একপাশের বসতঘর ডুবে যাওয়ার খবর আসতেই হার্ট অ্যাটাক করে মৃত্যু হয় তাঁর। সেই প্রয়াত মমতাজের ছোট সন্তান বাহাদুর যার আসল নাম তরিকুল শেখ। তরিকুলের বড় বোন মঞ্জিলার বয়স মাত্র ১১ এখন। বিশেষ পার্থক্য নেই দুই ভাইবোনের বয়সে। বাবার নতুন সংসারে দুজনই অনাহূত। মায়ের মৃত্যুর পর থেকে কাউকে কিছু না বলে প্রায়ই নিখোঁজ হয় বাহাদুর। গত ২৫ নভেম্বর প্রথম আলোয় প্রকাশিত হয় মাঝেমধ্যেই নিখোঁজ হচ্ছে সুন্দরবনের ‘বাহাদুর’ শিরোনামে একটি প্রতিবেদন। কালাবগীর সেই বাহাদুর এবার চার মাসের সফরে চট্টগ্রাম, খুলনার বাজুয়া, চালনা, পাইকগাছা, বাগেরহাটের রামপালে ঘুরেছে। কেউ জানত না সে কোথায় আছে। এই যে মাসের পর মাস নিরুদ্দেশ হয়ে থাকা, ও খরচ কোথায় পায় জানতে চাইলে বলে, ছোট মানুষদের বড়দের মতো অত টাকা লাগে না। ট্রেনের, বাসের দরজায় দাঁড়িয়ে বা ইঞ্জিনে বসেই চলে যাওয়া যায় কতো জায়গায়!

কালাবগীর ফকিরকোনা থেকে যখন তখন সুন্দরবনে প্রবেশ করে বাহাদুর।
ছবি-সংগৃহীত

ঘর ছাড়া পৃথিবীর যাবতীয় বিষয়ে ওর অনেক আগ্রহ। সুন্দরবনের ভেতর একাই যখন তখন প্রবেশ, ভরা জোয়ারে সাঁতার কাটার মতো কাজগুলো নস্যি বলে মনে করে সে। তাই ভালোবেসে কালাবগী গ্রামের মানুষ ডাকে ‘বাহাদুর’। সে নামটিই বুধবার সকালে লেখা হয়েছে তরিকুলের নতুন সংসারে পাওয়া ট্রাঙ্কের গায়ে।

তরিকুল ওরফে বাহাদুর নিজের নিখোঁজ হওয়ার আগে কিছু ভূমিকাও তৈরি করে। নদী থেকে পানি নিয়ে এখনই ফিরছি অথবা বল খেলতে যাচ্ছি সাধারণত এসব বলেই মাস দু-এক লাপাত্তা হয়ে যায় প্রতিবার। আবার একদিন অন্ধকার রাতে সুতারখালী আর শিবসার গায়ে যখন গোলপাতার ঝুলন্ত ঘরগুলোর মধ্যে অন্ধকার জমাটবদ্ধ হয়, তখন ছোট ছোট দুই পা এসে থামে ভদ্রার পাড়ে। গোলপাতার ছায়ার ভেতর দেখা যায় অপুষ্ট অথচ উজ্জ্বল চোখের এক মানবশিশুর অবয়ব। এমন উদাস ভাব শুরু হয়েছে মায়ের মৃত্যুর পর থেকে। দাকোপের সুতারখালী ইউনিয়নের কালাবগীর গ্রামের বিচ্ছিন্ন অংশ ফকিরকোনা। শিবসা আর সুতারখালী নদীর বন্ধনে থাকা এ গ্রামের বেষ্টনী সুন্দরবন দিয়ে।

এবার ফিরে এলে তাকে ধরে রাখার জন্য বলে রাখা হয়েছিল বাহাদুরের নানি ফিরোজা বেগমকে। কালাবগী গ্রামের তরুণেরা মিলে করেছে ‘শিশুদের জন্য আমরা’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ফিরোজা বেগম গোপনে এসে খবর দিয়েছে স্বেচ্ছাসেবীদের। আবার পালিয়ে যাওয়ার আগেই পাকরাও করা হয়েছে সুন্দরবনের বাহাদুরকে। এবার ওর জন্য পড়ালেখা শেখানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বাহাদুরের সিদ্ধান্তেই ভর্তি করিয়ে দেওয়া হয়েছে নলিয়ান দারুল উলুম মাদ্রাসার নুরানি ও কিতাব বিভাগে।

কালাবগীর ফকিরকোনায় এমন এক ঘরেই আম্পান ঝড়ের দিন মারা গেছে বাহাদুরের মা।
ছবি-সাদিয়া মাহ্জাবীন ইমাম

১৪ ফেব্রুয়ারি ছিল বিশ্ব ভালোবাসা দিবস, পয়লা ফাল্গুন এবং সুন্দরবন দিবস। সুন্দরবনের প্রকৃতি পুত্র বাহাদুরের নতুন জীবন শুরু হয়েছে সেদিনই। নাম লেখানো হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের খাতায়। তবে অভিভাবকহীন এ শিশুর জন্য সেদিন প্রস্তুতি নেওয়ার জন্য ছিল না বাবা-মা কেউ। ১৬ ফেব্রুয়ারি সকালে নলিয়ান বাজার থেকে শিশুদের জন্য আমরার সদস্যরা কিনে দিয়েছে মাদ্রাসায় থাকার ট্রাঙ্কসহ প্রয়োজনীয় জিনিসপত্র। বিস্কুট, চানাচুরসহ কিছু শুকনো খাবারও দেওয়া হয়েছে বাহাদুরকে।

কিন্তু ভাগ করে নিলে যে ভালোবাসা বাড়ে সে কথা যে শিশু জানে তার জীবনবোধ গভীর। নাম লেখা ট্রাঙ্কসহ বাহাদুরকে মাদ্রাসায় পৌঁছে দিয়েছেন কালাবগীর শামিনুর রহমান আর বেলাল হোসেন। প্রথম আলোকে তাঁরা জানালেন ‘এমন আনন্দের দৃশ্য এমন অভাবের জায়গায় কল্পনাতীত। মাদ্রাসার থাকার ঘরে ঢুকেই ‘বাহাদুর’ লেখা ট্রাঙ্ক খুলেছে বাহাদুর। এক টানে বের করেছে নিজের শুকনো খাবারগুলো। সহপাঠীদের হাতে হাতে তুলে দিয়েছে দুটো বিস্কুট, একটু করে চানাচুর।’

সংরক্ষণ না করে বরং বিলিয়ে দিয়ে যে আনন্দ পেয়েছে ছোট্ট শিশু, সে ভালোবাসা আসলে প্রকৃতির উপহার। অথচ অন্যদের কাছ থেকে পাওয়া এ খাবার ওর তুলে রাখারই কথা ছিল নিজের জন্য। রাজধানীর এই নাগরিক কোলাহলের ভেতর থেকে ধারণা করতে কিছুটা কষ্টই হয় সে মুহূর্ত। সুন্দরবনঘেঁষা যখন-তখন ডুবতে বসা গ্রামের শিশুদের কাদা মাখা হাতে একটু শুকনো খাবার মানেও ওদের মুখে প্রশস্ত এক হাসি। আর সে ভালোবাসতে জানার মাপে এ শিশুটি সত্যি বাহাদুর।

আম্পান ঝড়ে নিজের মাকে হারানোর ফলে সে ঘৃণা করে প্রাকৃতিক দুর্যোগ। কিন্তু এই ঘৃণার বিপরীতে বাড়ছে ওর মানুষ ভালোবাসার গল্প। মুঠোফোনে কথা হচ্ছিল বাহাদুরের সঙ্গে। প্রথম আলোকে সে জানায়, এবার আর নিখোঁজ হবে না । মন দিয়ে পড়ালেখা করবে। নিজের জন্য ট্রাঙ্কটা কেনার সময় মায়ের জন্য মনটা কেমন করে উঠেছিল। তবে সহপাঠীদের পেয়ে মন ভালো হয়ে গেছে সুন্দরবনের বাহাদুরের।

আরও পড়ুন