ছবি আঁকা, গান করা শিশুদের মস্তিষ্ক বিকাশ করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর শিশুদের বই পড়ার পাশাপাশি ছবি আঁকা ও গান করায় উৎসাহিত করতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এগুলো শিশুদের মস্তিষ্ক বিকাশে সহায়তা করে। শিশুদের চিন্তা করার ক্ষমতাকে ধারালো করে।
গতকাল শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘ডিআরইউ শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসবের’ উদ্বোধন অনুষ্ঠানে আসাদুজ্জামান নূর এ কথা বলেন। শিশুদের নিজের মতো গড়ে ওঠার সুযোগ দিতেও অভিভাবকদের প্রতি আহ্বান জানান তিনি।
আসাদুজ্জামান নূর বলেন, সরকারের লক্ষ্য কেবল অর্থনৈতিক উন্নয়ন নয়, মানবিক সমাজ, সম্প্রীতির সমাজ, উদারনৈতিক সমাজ গড়ে তোলাও সরকারের লক্ষ্য। কেননা এটা না হলে সমাজ একটি আলাদা দ্বীপের মতো হবে। সেখানকার মানুষ হবে নিঃসঙ্গ, আত্মকেন্দ্রিক ও স্বার্থপর। এই সরকার তেমন সমাজ চায় না।
সকালে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী। উৎসবে ডিআরইউ সদস্যদের শিশুসন্তানেরা অংশ নেয়। বিকেলে প্রতিযোগিতার অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী খুরশিদ আলম, সংগীত পরিচালক শেখ সাদী খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রভাষক সৈয়দ আবুল বারক আলভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামালউদ্দিন। ডিআরইউর সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক মনিরুল ইসলাম প্রমুখ এতে বক্তব্য দেন।