দেবব্রত রোগীও দেখেন, ছবিও আঁকেন

পানিতে এক নারী ডুবে যাচ্ছেন। মনে প্রথম প্রশ্ন আসে, নারীটি ডুবে যাচ্ছেন কেন? তবে যখন জানা যায়, ওই নারী বা মানবী রক্ত মাংসের কেউ নন, তিনি শিল্পীর কল্পনায় জলরঙ দিয়ে আঁকা কেউ, তখন চমকে যেতে হয়। চমক আরও আছে। যে শিল্পী এ ছবি এঁকেছেন, তিনি পেশাদার শিল্পী নন। তিনি একজন চিকিৎসক। তবে তিনিই জলরং, বালু বা আগুন ও ধোঁয়া দিয়ে এঁকে যাচ্ছেন দৃষ্টিনন্দন ছবি।
এই শিল্পী হলেন দেবব্রত আইচ মজুমদার। তিনি লোকজনের কাটা হাত-পা সেলাই করেন। জরুরি অবস্থায় আসা রোগীদের চিকিৎসা দেন। পানিতে ডুবে যাচ্ছেন যে নারী, এই চিকিৎসক ওই ছবির শিরোনাম দিয়েছেন ‘মারমেইড’। এ ছবির জন্য সম্প্রতি পেয়েছেন আন্তর্জাতিক পুরস্কার।
সম্প্রতি চিকিৎসক ও আঁকিয়ে দেবব্রত আইচ মজুমদার প্রথম আলো কার্যালয়ে আসেন। ছবি আঁকার বিভিন্ন দিক নিয়ে বলেন তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ২০১০ সালে পাস করে বিসিএস স্বাস্থ্য ক্যাডারে ঢুকেছেন এই চিকিৎসক। প্রায় দুই বছর ধরে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
‘ইন্টারন্যাশনাল ওয়াটার কালার সোসাইটি বেস্ট আর্টিস্ট অ্যাওয়ার্ড’-এ ১১তম হয়েছেন দেবব্রত। চলতি বছরে ১ থেকে ১৫ মার্চ পর্যন্ত চলা অনলাইনভিত্তিক এ প্রতিযোগিতা সম্পর্কে দেবব্রত লাজুক হেসে বলেন, ‘জুরি বোর্ডের বিচারক ছিলেন ১০ দেশের ১০ জন।বিচারকদের নম্বরের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইক কে কত বেশি পাবে, তা–ও ছিল বিবেচ্য। কিন্তু মানুষের কাছে লাইক চাইতে লজ্জা লাগে। তাই লাইক কম হওয়ার কারণে পিছিয়ে যাই।’
অনেক কাগজ পুড়িয়ে আগুন ও ধোঁয়া দিয়ে ‘ধূপছায়া’ নামের আরেকটি ছবি এঁকেছেন দেবব্রত। এতে একটি গাছে ছোট্ট এক পাখি বসে আছে। জাপানের টোকিওতে একটি প্রতিযোগিতায় ওই ছবি জমা দিয়েছেন। এখন পর্যন্ত প্রতিযোগিতায় তা শীর্ষ দশে আছে বলে জানালেন তিনি।
গত বছর ঢাকার কেন্দ্রীয় গণগ্রন্থাগারে দেবব্রতের আঁকা ছবির দুটি প্রদর্শনী হয়। চিকিৎসকদের সংগঠন প্ল্যাটফরম একটি প্রদর্শনী আয়োজনে সহায়তা করে। এতে কিছু ছবি বিক্রিও হয়। স্কেচ, চারকোল, বালু, আগুন, ধোঁয়াসহ বিভিন্ন মাধ্যম ও উপকরণ ব্যবহার করে ছবি আঁকলেও দেবব্রত পছন্দ করেন জলরং দিয়ে ছবি আঁকতে।

আলোকচিত্র, কবিতা আবৃত্তি, নাটক, হাতের লেখাসহ অনেক কিছুর সঙ্গে দেবব্রত ছোটবেলা থেকেই সম্পৃক্ত ছিলেন এবং পুরস্কারও পেয়েছেন। ১৯৯৫ সালে বাংলাদেশ শিশু একাডেমীর জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে স্বর্ণপদক পান। তাঁরা এক ভাই ও এক বোন। বাবা সত্যরঞ্জন আইচ মজুমদার ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার। তিনি মারা গেছেন। মা আরতি আইচ মজুমদার সরকারি চাকুরে ছিলেন। অবসর নিয়েছেন। ময়মনসিংহে থাকেন। মায়ের উৎসাহে তিনি একের পর এক ছবি এঁকে চলেছেন। প্রাতিষ্ঠানিকভাবে ছবি আঁকা শেখা হয়নি। দ্বিতীয় শ্রেণিতে পড়ার সময় ক্লাসের সব বিষয়ে ভালো নম্বর পেলেও দেবব্রত চিত্রাঙ্কনে কম নম্বর পান। তখন দেবব্রতকে পাঠানো হয় বাবার বন্ধু জয়নুল আবেদীন সংগ্রহশালার প্রতিষ্ঠাতা অধ্যাপক মীর মোহাম্মদ রেজাউল করিমের কাছে। জানালা খুলে আলোর পাশে একটি আনারস রেখে তিনি আঁকতে বলতেন, যাতে আনারসের বাস্তবতা ছবিতে উঠে আসে। এ ছাড়া দেবব্রতের আর সেভাবে প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া হয়নি। বাবা-মায়ের ইচ্ছা পূরণে হলেন চিকিৎসক। বর্তমানে পেশাগত দায়িত্ব পালনের ফাঁকে ফাঁকে দেবব্রতর ছবি আঁকা চলছে।