ছবি এঁকে, গান গেয়ে রামপালে বিদ্যুৎকেন্দ্রের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছবি এঁকে ও গান গেয়ে বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ‘সুন্দরবন বাঁচাও, খুলনা বাঁচাও’ ব্যানারে খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।

শহরের জাতিসংঘ শিশুপার্কে ‘রামপালে ফাঁকি, ক্যানভাসে আঁকি’ শিরোনামে এ কর্মসূচিতে শিক্ষার্থীরা সুন্দরবনের প্রয়োজনীয়তা ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিকর দিক ছবির মাধ্যমে তুলে ধরে। তারা সুন্দরবন নিয়ে বানানো গানও পরিবেশন করে।

আয়োজকেরা বলেন, জনমত ও বিশেষজ্ঞ ব্যক্তিদের পরামর্শ উপেক্ষা করে সুন্দরবনের মাত্র ১৪ কিলোমিটার দূরে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করেছে সরকার। বিশ্ব যখন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করছে, তখন বাংলাদেশের পরিবেশ ধ্বংস করার জন্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

আয়োজকদের অন্যতম উশিন ফাতিমা প্রথম আলোকে বলেন, ‘আমরা উন্নয়নের বিরোধী নই, আমরাও দেশের উন্নয়নে বিদ্যুৎকেন্দ্র চাই। কিন্তু সুন্দরবন ধ্বংস করে নয়।’ তিনি বলেন, ‘খুলনার সন্তান হিসেবে বিবেকের তাড়নায় আমরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা দলমত-নির্বিশেষে একই প্ল্যাটফর্মে এসেছি। বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি দিয়েছি। ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।’