রাজধানীর তেজগাঁও, মহাখালী, গুলশান এলাকায় গত ৩০ জুলাই পোশাকশ্রমিকদের ব্যাপক ভাঙচুর ও বিক্ষোভের ঘটনায় গত বৃহস্পতিবার রাতে নয়জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিও ফুটেজ থেকে চিহ্নিত করে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন র্যাবের কর্মকর্তারা।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন এমএসএম প্রিন্টার্সের শ্রমিক তাহের হোসেন (২২), শেফাল গার্মেন্টসের রিপন হোসেন (২০) ও ইদ্রিস আলী (২২), গ্লোরি গার্মেন্টসের সাগর হোসেন (২৪) ও বাচ্চু মিয়া (২১), হ্যামস প্রিন্টার্সের রুবেল মিয়া (২০), জেমিনি গার্মেন্টসের রাসেল মিয়া (১৯), ইউরো প্রিন্টার্সের তপন মিয়া (২০) এবং আরমান ফ্যাশনসের আকবর হোসেন (২০)। রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলসহ বিভিন্ন এলাকা থেকে এঁদের গ্রেপ্তার করা হয়।গতকাল বিকেলে র্যাব-১-এর উত্তরার প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গ্রেপ্তার হওয়া শ্রমিকদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন র্যাব-১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশিদুল আলম।সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন স্থির ও ভিডিওচিত্র দেখে এঁদের শনাক্ত করে তারপর গ্রেপ্তার করা হয়েছে। ভাঙচুর ও অগ্নিসংযোগে অংশগ্রহণকারী আরও ৪০ থেকে ৫০ জনকে শনাক্ত করা হয়েছে। এঁদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।র্যাবের উপস্থাপিত ছবিতে দেখা যায়, রুবেল মিয়া গুলশান ১ নম্বরের একটি চশমার দোকান থেকে চশমা লুট করে তা চোখে দিয়ে দোকান থেকে বের হচ্ছেন। আরেকটি ছবিতে দেখা যায়, আকবর হোসেন ঢিল ছুড়ছেন। এ রকম বেশ কিছু ছবিও রাখা হয়েছিল চিহ্নিত করার জন্য।গ্রেপ্তার হওয়া রুবেল মিয়া বলেন, তিনি চশমা (সানগ্লাস) পরে বের হয়েছিলেন ঠিকই। তবে সেটি তার আগে কেনা।আকবর হোসেন বলেন, তিনি ঢিল ছুড়েছেন, তবে কোনো ভাঙচুরে অংশ নেননি। তপন মিয়া বলেন, না বুঝেই তিনি ভাঙচুরে অংশ নিয়েছিলেন। তবে কোনো লুটপাট করেননি।রাশিদুল আলম বলেন, দেশের তৈরি পোশাকশিল্পকে ধ্বংসের জন্য একটি চক্র দেশি-বিদেশি ইন্ধনে এসব ঘটনা ঘটাচ্ছে। শ্রমিকদের চাওয়া-পাওয়ার অসংগতিকে কাজে লাগিয়ে তারা অরাজক পরিস্থিতি সৃষ্টি করছে। ভুল বুঝিয়ে ব্যবহার করা হচ্ছে শ্রমিকদের। আর গ্রেপ্তারকৃতরা না বুঝেই এসব ঘটনায় জড়িয়ে পড়েছে।এ বিষয়ে র্যাবের মহাপরিচালক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এঁদের শনাক্ত করা হয়েছে। ভবিষ্যতে কোনো ভাঙচুর হলে আবারও এ ধরনের প্রযুক্তির সাহায্য নেওয়া হবে।