ছবি টাঙানো নিয়ে আইনজীবীদের প্রতিবাদ
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে বঙ্গবন্ধুর ছবির পাশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ তিন নেতার ছবি টাঙানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে গতকাল রোববার সমাবেশ করেছে সমিতির আইনজীবীদের একাংশ। তাঁরা অবিলম্বে ওই সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানান। গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সভায় সমিতি ভবনে জিয়াউর রহমান, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ও আতাউল গনি ওসমানীর ছবি টাঙানোর সিদ্ধান্ত হয়। এর প্রতিবাদে গতকাল সকাল নয়টার দিকে সমিতির সভাপতি ও সম্পাদকের কক্ষের সামনে সরকার-সমর্থক আইনজীবীরা জড়ো হন। ‘সংবিধান লঙ্ঘন করে বারে কোনো ছবি টাঙানো যাবে না’—এই দাবি তুলে ‘সুপ্রিম কোর্টের আইনজীবীবৃন্দ’ ব্যানারে আইনজীবীরা সমাবেশ করেন। সমাবেশে আজ সোমবার বিকেল চারটায় সমিতি ভবনে প্রতিবাদ সভার ঘোষণাও দেওয়া হয়। সমাবেশে আইনজীবী এম আমীর-উল ইসলাম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, ইউসুফ হোসেন হুমায়ূন, মুনসুরুল হক চৌধুরী, আবদুল মতিন খসরু, জগলুল হায়দার আফ্রিক, শ ম রেজাউল করিম প্রমুখ বক্তব্য দেন।