ছবি তুলতে গিয়ে নদীতে প্রাণ গেল দুই বন্ধুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সদর উপজেলার মোহনপুরে আত্রাই নদে পড়ে আজ সোমবার সাউদ মুন্তাকিম (১৭) ও সাকিব (১৭) নামের দুই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সোয়া তিনটার দিকে নদ থেকে স্থানীয় জেলেরা ওই দুজনের লাশ উদ্ধার করেন।

মুন্তাকিম দিনাজপুর শহরের ক্ষেত্রীপাড়া এলাকার সাইদুর রহমানের ছেলে। আর সাকিব শহরের মুন্সীপাড়া মহল্লার মমতাজউদ্দীনের ছেলে। এরা দুজন বন্ধু। তারা দিনাজপুর শহরের হলিল্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিল।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় ৮ নম্বর শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইছাহাক আলী বলেন, আজ বেলা সাড়ে ১১টার দিকে এই দুজন আত্রাই নদের মোহনপুরে রাবার ড্যামের কাছে গিয়ে ছবি তুলছিল। এ সময় পা পিছলে দুজনই নদে পড়ে গিয়ে পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করার চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়। ডুবুরিরা পৌঁছানোর আগেই বেলা সোয়া তিনটার দিকে স্থানীয় জেলেরা এই দুজনের লাশ উদ্ধার করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেদওয়ানুর রহিম দুই কলেজছাত্রের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন।