ছবি তুলতে গিয়ে নিজেরাই হয়ে গেল ফ্রেমে বাঁধা ছবি
নিজেদের আনন্দের মুহূর্তগুলো ফ্রেমে বন্দী করে রাখতে চেয়েছিল সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার আজিমনগর কারিগরি স্কুল ও কলেজের দুই শিক্ষার্থী। তাই আনন্দভ্রমণে গিয়ে অন্যদের চোখ ফাঁকি দিয়ে আরও কয়েকজনের সঙ্গে ছবি তুলতে বেরিয়ে পড়েছিল ওই দুজন। কিন্তু ছবি তুলতে গিয়ে তারা নিজেরাই হয়ে গেল ফ্রেমে বাঁধা ছবি। পাবনার ভাঙ্গুড়া উপজেলা সদরের ২৪ নম্বর রেল সেতুতে গতকাল বুধবার দুপুরে ছবি তোলার সময় ট্রেনের নিচে কাটা পড়ে নিহত হয় সোহেল রানা (১৫) ও ইমরান হাসান (১৪) নামের দুই শিক্ষার্থী। স্কুল থেকে আনন্দভ্রমণে এসে তারা সেতুতে ছবি তুলতে গেলে এ দুর্ঘটনা ঘটে।ঘটনার প্রত্যক্ষদর্শী বড়াল সেতু স্টেশনমাস্টার আবদুল খালেক ও সেতুর পাশের মুদি দোকানদার নুরুজ্জামান জানান, বেলা একটার দিকে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের ১২ জন শিক্ষক ও ১১০ জন শিক্ষার্থী নৌকাযোগে আনন্দ ভ্রমণে আসে। তারা উপজেলা সদরের জামাল উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে অবস্থান নেয়। দেড়টার দিকে শিক্ষকেরা খাবার তৈরিতে ব্যস্ত হয়ে পড়লে পাঁচ-সাতজন শিক্ষার্থী পার্শ্ববর্তী বড়াল রেল সেতুতে ছবি তুলতে ওঠে। কিছুক্ষণের মধ্যে ঢাকা থেকে নীলফামারীগামী আন্তনগর এক্সপ্রেস নীলসাগর ট্রেনটি সেতুতে ঢুকে পড়ে। ট্রেন দেখে ভয়ে কয়েকজন শিক্ষার্থী সেতু থেকে লাফিয়ে পানিতে পড়লেও ওই দুজন টেনে কাটা পড়ে মারা যায়। এ সময় সেতু থেকে লাফিয়ে পড়ে আহত হয় রোকন উদ্দিন (১৫) নামে এক শিক্ষার্থী। তাকে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।আনন্দ ভ্রমণে শিক্ষার্থীদের সঙ্গে আসা আজিমনগর কারিগরি স্কুল ও কলেজের সুপারিনটেনডেন্ট প্রকৌশলী নাসির উদ্দিন জানান, নিহতদের বাড়ি তারাশ উপজেলার বোয়ালিয়া গ্রামে। সোহেল রানা (১৫) দশম শ্রেণীতে পড়ত। তার বাবার নাম আবদুস সোবহান। ইমরান হাসান (১৪) পড়ত নবম শ্রেণীতে। তার বাবার নাম হাফিজুর রহমান। ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত সরকার প্রথম আলোকে বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। এ ঘটনায় নিহতদের সহপাঠীরা ভেঙে পড়েছে। আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেছি।’সিরাজগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।